নারায়ণগঞ্জে কনস্টেবল আনোয়ার হত্যায় গ্রেপ্তার ৬, পালাতে গিয়ে একজন গুলিবিদ্ধ
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা নিহত হওয়ার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজন পালানোর চেষ্টা করলে গুলিতে পায়ে আহত হন বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার রাতভর পুলিশ ও এসআরবি-১১-এর যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানান নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাশেমবাগ এলাকার রিয়াজ ওরফে ডেভিড, তাঁর ভাই আব্দুল্লাহ, সহযোগী সামাদ, আদর, আজাদসহ ছয়জন। আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে এবং বাকিদের ফতুল্লার দেওভোগ, নাগবাড়িসহ আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, ডেভিড পালানোর চেষ্টা করলে গুলি করা হয়।
গত ২২ নভেম্বর রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সাদাপোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে গেলে কনস্টেবল আনোয়ার মোল্লার ওপর হামলা হয়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত আনোয়ারকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বা তাঁদের পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।





