পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
তৈরি পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এত দিন এই মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
তিনি জানান, বোর্ডের সব সদস্যের সর্বসম্মতিক্রমে তিনটি গ্রেডের মজুরি নির্ধারণ করা হয়েছে। গ্রেড-১-এ নিম্নতম মজুরি সাড়ে ২১ হাজার, গ্রেড-২-এ ২০ হাজার এবং গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা। আর সর্বনিম্ন গ্রেড-৪-এর মজুরি বোর্ড সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, কোনো গ্রেডের শ্রমিকের প্রাপ্ত মজুরি সমন্বয়ের প্রয়োজন হলে ন্যূনতম দুই হাজার টাকা যোগ করে সমন্বয় করা হবে।
এর আগে সোমবার প্রায় সাড়ে ৯ ঘণ্টার বৈঠকে মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা প্রস্তাব করেছিল। অন্যদিকে শ্রমিকপক্ষ আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা প্রস্তাব করে।





