পেনসিলভেনিয়া বইমেলায় সম্পাদকীয় আড্ডা: প্রবাসে বাংলা গণমাধ্যম ও বইপড়ার ভবিষ্যৎ নিয়ে আলোচনা
প্রবাসে বাংলা গণমাধ্যমের বর্তমান অবস্থা, সাংবাদিকতার চ্যালেঞ্জ এবং নতুন প্রজন্মের মধ্যে বাংলা বই ও সংবাদপত্রের পাঠাভ্যাস গড়ে তোলার প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হলো ‘সম্পাদকীয় আড্ডার আসর’। পেনসিলভেনিয়া বইমেলা ২০২৬-এর সমাপনী দিনে আয়োজিত এ আড্ডায় উত্তর আমেরিকার বিভিন্ন বাংলা গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক, উপস্থাপক ও মিডিয়াকর্মীরা অংশ নেন।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ফিলাডেলফিয়ার আপার ডার্বিতে ঢাকা ক্লাব পার্টি সেন্টারে এ আয়োজন শুরু হয়। এতে বিশেষ অতিথি ছিলেন প্রথম আলো ইউএসএর সম্পাদক ইব্রাহীম চৌধুরী, টাইম টেলিভিশন নিউইয়র্কের সিইও ও বাংলা পত্রিকা নিউইয়র্কের সম্পাদক আবু তাহের, নিউইয়র্ক ভয়েস বাংলার সম্পাদক নাজমুল হাসান বাবু এবং টাইম টেলিভিশন নিউইয়র্কের পরিচালক সৈয়দ খসরু।
বিশেষ আলোচক হিসেবে অংশ নেন বাংলাদেশ আমেরিকান কমিউনিটি ফোরামের (বিএসিএফ) পরিচালক মোহাম্মদ সোলাইমান ইবনে মজিব এবং ফিলাডেলফিয়া পত্রিকার সম্পাদক মোহাম্মদ ইসলাম আরিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা নিউজ ফিলাডেলফিয়ার সম্পাদক শেখ মো. খোরশান।
আলোচনায় বক্তারা বলেন, উত্তর আমেরিকায় বাংলা গণমাধ্যমের বিকাশ ঘটলেও নানা প্রতিকূলতা পেরিয়ে এগোতে হচ্ছে সংবাদমাধ্যমগুলোকে। ছাপা পত্রিকার পাঠক ধরে রাখা, ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতিযোগিতায় টিকে থাকা, বিজ্ঞাপন ও পৃষ্ঠপোষকতার সংকট মোকাবিলা এবং সাংবাদিকতার পেশাগত মান অক্ষুণ্ন রাখা এখন বড় চ্যালেঞ্জ।
প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা, সাহিত্য ও সংবাদমাধ্যমকে আরও আকর্ষণীয় করে তোলার ওপর জোর দেন বক্তারা। তাঁরা বলেন, কমিউনিটি সাংবাদিকতা শুধু প্রবাসীদের দৈনন্দিন সমস্যা তুলে ধরার মাধ্যম নয়, বরং প্রবাসী সমাজের অর্জন, সম্ভাবনা ও সাংস্কৃতিক পরিচয় তুলে ধরারও গুরুত্বপূর্ণ ক্ষেত্র। মূলধারার গণমাধ্যম ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে সেতুবন্ধন গড়তে বাংলা সংবাদমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

পেনসিলভেনিয়া বইমেলা ২০২৬-এর সমাপনী আয়োজনে অতিথিরা
পেনসিলভেনিয়া বইমেলা উদ্যাপন পরিষদের আয়োজনে দুই দিনব্যাপী এ মেলার আহ্বায়ক ছিলেন কাজী সাখাওয়াত হোসেন এবং সদস্যসচিব ফারুক আহমেদ ভূইয়া পলাশ। ‘বই পড়ুন, জ্ঞান ছড়ান, সমৃদ্ধ সমাজ গড়ুন’ প্রতিপাদ্য নিয়ে শনিবার (২১ নভেম্বর) বিকেলে মেলার উদ্বোধন করেন প্রাবন্ধিক আহমাদ মাযহার। প্রধান অতিথি ছিলেন ড. ফারুক সিদ্দিকী এবং বিশেষ অতিথি ছিলেন ডা. ইবরুল চৌধুরী।
এ ছাড়া উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক ও কবি হুমায়ুন কবীর ঢালী, শিব্বির আহমেদ, মিলবোর্নের মেয়র মাহাবুবুল তায়েব এবং আপার ডার্বির মেয়র এডওয়ার্ড ব্রাউনসহ বিশিষ্টজনেরা।
মেলায় বাংলা সাহিত্য, দেশ ও মানুষ, নারী ও সমাজ, স্মৃতি ও জীবন, চলচ্চিত্র ও নাটক, সংস্কৃতি এবং গল্পসহ নানা বিষয়ের বই নিয়ে অংশ নেয় বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান। দুই দিনই স্টলগুলোতে ছিল পাঠকের ভিড়; বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে বাংলা বইয়ের প্রতি আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
সাংস্কৃতিক আয়োজনেও ছিল বৈচিত্র্য। শনিবার সন্ধ্যায় বাংলা থিয়েটারের প্রযোজনায় মঞ্চস্থ হয় মামুনুর রশীদের লেখা নাটক ‘মানুষ’, নির্দেশনায় ছিলেন শিরীন বকুল। পাশাপাশি ছিল আবৃত্তি, সংগীত, নৃত্য ও সাহিত্য আলোচনা।
রোববার রাত পর্যন্ত চলে সমাপনী দিনের আয়োজন। পেনসিলভেনিয়া ও আশপাশের অঙ্গরাজ্য থেকে আসা লেখক, প্রকাশক ও পাঠকের অংশগ্রহণে মেলা পরিণত হয় প্রবাসী বাঙালির মিলনমেলায়। সমাপনী দিনে উপস্থিত ছিলেন উত্তর আমেরিকার বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ ও ডা. ফাতেমা আহমেদ।





