খুলনায় ২৫ দিনে ১৫ গুলির ঘটনা, বছরে খুন ৮১ জন
খুলনায় একের পর এক গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চলতি নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে খুলনা মহানগর ও জেলায় অন্তত ১৫টি গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গুলিতে পাঁচজন এবং ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন। শুধু ২৪ নভেম্বর এক দিনেই নগরে সাতটি গুলির ঘটনা ঘটে।
২৪ নভেম্বর রাত ৯টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেটে গুলিতে নিহত হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আবদুল হালিম। পরদিন ২৫ নভেম্বর নগরের দক্ষিণ টুটপাড়া খ্রিষ্টানপাড়ায় এক এনজিও কর্মকর্তার বাড়ি লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়া হয়। চাঁদার টাকা না দেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
মাসের প্রথম দিন আড়ংঘাটা থানার রায়েরমহল এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে কুপিয়ে হত্যা করা হয় মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে। পরদিন রূপসার আইচগাতী ইউনিয়নের সিংহের চর থেকে গুলিবিদ্ধ দুই তরুণ মেহেদী হাসান ও রেজাউল করিমের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ভাষ্য, দুজনই ‘বি কোম্পানি’ নামের একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য ছিলেন। ৫ নভেম্বর ডুমুরিয়ায় একটি চায়ের দোকানে গুলি করে হত্যা করা হয় ঘের ব্যবসায়ী তারিকুল ইসলাম শেখকে। তিনি রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়কের ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত খুলনা মহানগর এলাকায় ৫১টি আগ্নেয়াস্ত্র ও ৩৭৮টি গুলি উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় অস্ত্র আইনে ৪৮টি মামলা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ৮১ জনকে। ২০২৫ সালে মহানগর এলাকায় উদ্ধার হয়েছিল ৪৭টি আগ্নেয়াস্ত্র।
মহানগরে চলতি বছরের হত্যা মামলাগুলোর মধ্যে মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৬টি, পারিবারিক সহিংসতাসহ ১৩টি, চাঁদাবাজিকে কেন্দ্র করে একটি এবং অন্যান্য কারণে আটটি মামলা হয়েছে। এর মধ্যে সাতটি মামলায় আদালতে পুলিশি প্রতিবেদন দাখিল করা হয়েছে।
অন্যদিকে জেলা পুলিশের আওতাধীন এলাকায় ২৫ নভেম্বর পর্যন্ত ৪০ জন নিহত হয়েছেন। সব মিলিয়ে চলতি বছর খুলনা মহানগর ও জেলায় নিহত হয়েছেন ৮১ জন। একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে নগরবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে।
ছবি: সংগৃহীত





