পানির ট্যাংকে লুকিয়েও রক্ষা হলো না, মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে পুলিশের অভিযানের সময় বাড়ির পানির ট্যাংকের ভেতরে লুকিয়েও রক্ষা পাননি কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রিয়ান আহমেদ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে শহরের পশ্চিম বাজার এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলা এবং ২০২৩ সালে সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের ওপর হামলার ঘটনায় রিয়ান আহমেদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় তাঁকে চিহ্নিত পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে পশ্চিম বাজার এলাকায় রিয়ানের বাসায় অভিযান চালানো হয়। তাঁকে খুঁজে পেতে বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালান পুলিশ সদস্যরা। একপর্যায়ে বসতবাড়ির পানির ট্যাংকের ভেতরে আত্মগোপনে থাকা অবস্থায় তাঁকে শনাক্ত করা হয়। প্রায় দুই ঘণ্টার অভিযান শেষে সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রিয়ান আহমেদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তাঁকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
পানির ট্যাংকে লুকিয়ে থাকার এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে গ্রেপ্তার রিয়ান আহমেদ বা তাঁর পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।
ছবি: প্রতিনিধি





