শনিবার থেকে সব কারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর, বিশৃঙ্খলাকারীদের চিহ্নিতের আহ্বান
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণাকে ঘিরে চলমান অসন্তোষ ও আন্দোলনের মধ্যে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শনিবার থেকে দেশের সব কলকারখানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চালু হোক, এটাই সরকারের প্রত্যাশা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শ্রমিক পরিচয়ে কেউ ইচ্ছাকৃতভাবে শিল্পকারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার আহ্বানও জানান মন্ত্রী।
সংবাদ সম্মেলনে এনসিপির শ্রমশক্তির নেতাদের সঙ্গে বাগবিতণ্ডা ও হট্টগোলের দিকে ইঙ্গিত করে শ্রমমন্ত্রী বলেন, ‘আপনারা তাদের আইডেন্টিফাই করে দেন, মানুষই তাদের প্রতিহত করবে। কিছুক্ষণ আগে দেখলেন না, এরা শ্রমিকও না, শ্রমিক নেতাও না।’
মন্ত্রী বলেন, শ্রমিকদের বিভিন্ন দাবি ও অসন্তোষ গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ, তবে যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। শ্রমিকদের যেমন কথা বলার অধিকার আছে, তেমনি তাদের কথা শোনার দায়িত্বও সরকারের। সামর্থ্য অনুযায়ী শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে সরকার চেষ্টা করবে।
তিনি জানান, মজুরি নির্ধারণের পুরো প্রক্রিয়ায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা সহযোগিতা করেছেন এবং গভীর রাত পর্যন্ত আলোচনা হয়েছে। সরকার কোনো পক্ষের হয়ে হস্তক্ষেপ করেনি, বরং নিরপেক্ষভাবে সমাধানে পৌঁছানোর চেষ্টা করেছে। প্রধানমন্ত্রী শুরু থেকেই শ্রমিক ও মালিকপক্ষের সমন্বয়ে সমাধানের জন্য উৎসাহ দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়লে শিল্পপ্রতিষ্ঠানের আয় বাড়বে, তখন বেতন-ভাতা বাড়ানোও সহজ হবে। তাই কোনো ষড়যন্ত্র বা বিশৃঙ্খলার কারণে কারখানা বন্ধ হয়ে যাক, তা কাম্য নয়। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।
ছবি: সংগৃহীত





