চার দশকের সবচেয়ে কম মজুরি বৃদ্ধি, গাজীপুরে শ্রমিকদের ওপর কাঁদানে গ্যাস: রয়টার্স
বাংলাদেশের পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নিয়ে চলমান অসন্তোষ উঠে এসেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে। সংস্থাটি জানিয়েছে, এবারের ৩৬ শতাংশ মজুরি বৃদ্ধি চার দশকের মধ্যে সবচেয়ে কম, আর এর প্রতিবাদে রাস্তায় নামা শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাজীপুরে একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন রয়টার্সকে বলেন, ‘পরিস্থিতি এখন শান্ত, তবে আমরা সতর্ক রয়েছি।’
সরকার গঠিত মজুরি বোর্ড বুধবার (২৫ নভেম্বর) ভোরে শ্রমিক ও মালিকপক্ষের প্রায় ১২ ঘণ্টার আলোচনার পর ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করে। শ্রমিকেরা মজুরি দ্বিগুণ করার দাবি জানিয়ে আসছিলেন। ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বিক্ষোভ শুরু হয়। শ্রম অধিকারকর্মীরা বলছেন, এই বৃদ্ধি শ্রমিকদের দাবির তুলনায় অনেক কম এবং তা জীবনধারণের উপযোগী মজুরি নিশ্চিত করবে না।
রয়টার্স জানায়, কয়েক সপ্তাহ ধরে চলা শ্রমিক বিক্ষোভে কারখানা বন্ধ, মহাসড়ক অবরোধ, সম্পদের ক্ষতি ও উৎপাদন ব্যাহত হয়েছে। চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক বাংলাদেশের এই খাতে ৪০ লাখের বেশি মানুষ কাজ করেন।
প্রতিবেদনে আরও বলা হয়, শ্রমিক বিক্ষোভের পাশাপাশি ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতা নতুন করে অস্থিতিশীলতার আশঙ্কা তৈরি করেছে।
এদিকে শুক্রবার গাজীপুরের শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ছুটির দিন ও সাম্প্রতিক অসন্তোষের কারণে প্রায় ৯০ শতাংশ কারখানা বন্ধ ছিল বলে শিল্প পুলিশ জানিয়েছে। শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী শনিবার থেকে সব কারখানা চালুর প্রত্যাশা জানিয়েছেন।
সূত্র: রয়টার্স, প্রথম আলো
ছবি: উইকিমিডিয়া কমন্স (প্রতীকী)





