অস্ত্র উদ্ধারের পর পুলিশকে উপহাস করে ফেসবুকে পোস্ট ফটিকছড়ির ‘সন্ত্রাসী’ রায়হানের
চট্টগ্রামের ফটিকছড়িতে গোপন আস্তানায় অভিযান ও অস্ত্র উদ্ধারের পর পুলিশকে উপহাস করে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রায়হান। বৃহস্পতিবার রাতে দেওয়া ওই পোস্টে তিনি অভিযানে গ্রেপ্তার ছয়জনকে ‘প্রতিহিংসার শিকার’ বলে দাবি করেন। দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধারের দিকে ইঙ্গিত করে তিনি লেখেন, ‘বাংলা’ অস্ত্র তিনি ব্যবহার করেন না।
পুলিশ জানায়, সম্প্রতি উপজেলার ভুজপুর এলাকার পাহাড়ে একটি অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। বুধবার মধ্যরাতের অভিযানে রায়হানের ব্যবহৃত ইতালিতে তৈরি একটি পিস্তল, একটি একনলা বন্দুক ও ৩৪টি গুলি উদ্ধার করা হয়। ধারাবাহিক অভিযানে রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার করা হলেও রায়হানকে ধরা সম্ভব হয়নি।
ফেসবুক পোস্টের আগে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথনের একটি রেকর্ডও পোস্ট করেন রায়হান। তাতে তিনি দাবি করেন, অভিযানের সময় পুলিশের সামনে দিয়ে সাইকেল চালিয়ে তিনি বেরিয়ে গেছেন। কথোপকথনে পুলিশ কর্মকর্তা তাঁকে বারবার আত্মসমর্পণের আহ্বান জানান।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ সাইকেল চালিয়ে পালানোর দাবিকে ‘ভুয়া’ বলেছেন। তিনি বলেন, গ্রেপ্তার সহযোগীদের তথ্যের ভিত্তিতেই অস্ত্র তৈরির কারখানার সন্ধান মেলে এবং তাঁরাই জানিয়েছেন, উদ্ধার হওয়া পিস্তলটি রায়হান ব্যবহার করতেন। অভিযানের সময় অস্ত্র ফেলে তিনি পালিয়ে যান। রায়হানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে। তিনি বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী বলে জানিয়েছে পুলিশ। অস্ত্র তৈরি ও ব্যবসার সঙ্গেও তিনি জড়িত বলে অভিযোগ রয়েছে।
ছবি: সংগৃহীত





