রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কক্ষে মারামারি, জাতীয়তাবাদী ফোরামের চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে কর্মকর্তাদের মধ্যে মারামারির ঘটনায় চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১২৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন সংস্থাপন শাখার কর্মকর্তা জিয়াউল হক ও তারিকুল ইসলাম, রিসার্চ ইনস্টিটিউটের কর্মকর্তা রোকনুজ্জামান এবং কেন্দ্রীয় লাইব্রেরির উপগ্রন্থাগারিক মামদুদুর রহমান। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের নেতা—রোকনুজ্জামান সভাপতি, জিয়াউল হক সহসভাপতি, মামদুদুর রহমান সাধারণ সম্পাদক ও তারিকুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর রাতে উপাচার্য অধ্যাপক শওকাত আলীর কক্ষে দুই শিক্ষকের মধ্যে অভ্যন্তরীণ চিঠি আদান-প্রদান নিয়ে আলোচনার একপর্যায়ে কর্মকর্তাদের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারি হয়। এতে বাংলা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার রফিকুল ইসলাম বাঁ চোখের নিচে আঘাত পান। তিনি রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ দেন। তদন্ত শেষে সিন্ডিকেট চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়।
তবে বরখাস্ত হওয়া কর্মকর্তা রোকনুজ্জামানের দাবি, তাঁরা উপাচার্যের উপস্থিতিতে দুই শিক্ষকের সঙ্গে কথা বলছিলেন। তখন আওয়ামীপন্থী স্বাধীনতা পরিষদের নেতা রফিকুল ইসলাম কথার মধ্যে কথা বলতে শুরু করলে কথা-কাটাকাটির একপর্যায়ে রফিকুলসহ কয়েকজন তেড়ে আসেন এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। তিনি বলেন, ‘অপরাধ হলে দুই পক্ষেরই হয়েছে। এক পক্ষ শাস্তি পাবে কেন?’ শুধু তাঁদের চারজনকে বরখাস্ত করা পক্ষপাতমূলক ও নীতিমালাপরিপন্থী বলে দাবি করেন তিনি। এ বিষয়ে রফিকুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।
উপাচার্য শওকাত আলী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলাপরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নিয়ে ওই চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
ছবি: সংগৃহীত





