‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে চট্টগ্রামে ছাত্রশক্তি নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
চট্টগ্রামে জাতীয় ছাত্রশক্তির এক নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নগরের চকবাজারের চট্টেশ্বরী রোডে এ ঘটনা ঘটে। আহত মো. ইসমাইল ছাত্রশক্তির চট্টগ্রাম মহানগরের থানা সংগঠক। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ইসমাইল জানান, ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা ও ডান হাতে আঘাত করা হয়েছে; মাথায় আটটি সেলাই লেগেছে। তাঁর অভিযোগ, বন্ধুদের সঙ্গে আড্ডার সময় তাঁকে ঘিরে ধরে ‘ছাত্রলীগ’ ও ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে লাথি মারা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। নগরের হাজেরা তজু কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল হক শিকদারের নেতৃত্বে এ হামলা হয় বলে দাবি তাঁর। ইসমাইল বলেন, তিনি কখনো ছাত্রলীগ করেননি; জুলাই আন্দোলনের শুরু থেকেই সামনের সারিতে ছিলেন।
হামলার কারণ হিসেবে ইসমাইলের দাবি, প্রায় এক বছর আগে কক্সবাজারে এক নারী হত্যার বিচার চেয়ে তিনি ফেসবুকে লিখেছিলেন, যে ঘটনায় জিহাদুলের বাবার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেই জেরেই তাঁকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে মনে করেন তিনি।
তবে অভিযুক্ত জিহাদুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ওখানে ছিলামই না। এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগ।’ তাঁর দাবি, ইসমাইল ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন; তাঁকে পুলিশের কাছে দেওয়ার চেষ্টা করা হলে তিনিই ছাত্রদলের লোকজনের ওপর হামলা করেন। জিহাদুল জানান, তাঁর বাবা কারাগারে নন, এলাকাতেই আছেন। ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে তিনি পাল্টা আইনি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন।
এদিকে জাতীয় ছাত্রশক্তি এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের শাস্তি দাবি করেছে।
ছবি: সংগৃহীত





