বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল হামলা মামলায় বিএনপির ৮ নেতা-কর্মী আসামি
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল হামলার ঘটনায় বিএনপির আট নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেনাপোল পোর্ট থানায় মামলাটি করেন ককটেল বিস্ফোরণে আহত তবিবুর রহমান তবি (৫০)। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী তবিবুর রহমান বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি এবং বেনাপোল পৌরসভার ছোট আঁচড়া গ্রামের বাসিন্দা।
মামলার আসামিরা হলেন ছোট আঁচড়া গ্রামের আশা (৩০), বাবু (৩৫), চয়ন (২৭), ইব্রাহিম (৪০), ইসরাফিল (৫৫), জামশের আলী (৬০), বকুল (৩৫) ও আবদুল আহাদ (৬০)। স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল আহাদ বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর এবং ইসরাফিল সরদার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। অন্য আসামিরাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
এজাহারে অভিযোগ করা হয়েছে, স্থানীয় কয়েকজনের সঙ্গে বাদীর দীর্ঘদিনের বিরোধের জেরে গত ২৪ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে তিনি সহযোগী লুকমান হোসেনকে (৫০) নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাড়ির সামনে আসামিরা তাঁদের পথরোধ করেন। এ সময় আবদুল আহাদের নির্দেশে আশা ও বাবু দুটি ককটেল নিক্ষেপ করেন বলে অভিযোগে বলা হয়েছে। একটি ককটেল বিস্ফোরিত হলে তবিবুর রহমানের ডান পায়ে ও লুকমান হোসেনের বাঁ পায়ে আঘাত লাগে। বিস্ফোরণে তাঁদের মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়। পরে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে। সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযোগের বিষয়ে আসামিপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
ছবি: প্রতিনিধি





