অনলাইন, ১২ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
৫১তম বিশেষ বিসিএস: ৫ হাজার পদে লড়বেন ৪৪ হাজার ৬৩৫ চিকিৎসক, প্রিলিমিনারি ১১ ডিসেম্বর বিশেষ প্রতিবেদন: নভেম্বরেও থামছে না ডেঙ্গু, বছরে মৃত্যু ৪৮১, হাসপাতালে ভর্তি দেড় লাখ ছাড়াল শীতের শুষ্কতা আসার আগেই ত্বকের যত্নে মেনে চলুন এই ৯ কৌশল মহাকাশে সফলভাবে চালু গুগলের এআই চিপ, স্যাটেলাইট থেকে লিখল কবিতা শাহরুখের ‘কিং’ দেশের প্রেক্ষাগৃহে আনতে তথ্য মন্ত্রণালয়ে আবেদন সম্পাদকীয়: ক্যাম্পাসে ককটেল, রাজপথে আগুন—আগুন-সন্ত্রাসের রাজনীতি রুখতেই হবে গাজার ত্রাণ কার্যক্রম দেখতে রাফাহ সীমান্তে লুইস হ্যামিল্টন ডেমোক্র্যাটদের পরিকল্পিত তদন্তে ‘সুস্পষ্ট অপরাধের’ হুঁশিয়ারি হোয়াইট হাউসের ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক হোয়াইট হাউসের অদূরে ওয়াশিংটনের জিমে গোলাগুলি: নিহত ১, আহত ৪, বন্দুকধারীও মৃত সাংবাদিক অরিত্রের মুক্তিতে আন্তর্জাতিক সহায়তা চেয়ে সিপিজেকে বিএমএসএফের চিঠি লেবাননে ১০ লাখের বেশি মানুষ তীব্র খাদ্যসংকটে: জাতিসংঘ শেয়ারে ৮ শতাংশ ধস, জেনসেন হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসছে এনভিডিয়ার বোর্ড ভর্তি পরীক্ষা: ঢাবি-বুয়েট আগের সূচিতে, রাবি পেছাল ফেব্রুয়ারিতে, সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের সুযোগ রাখল জবি-চবি হাসিনার ডিসেম্বরে ফেরা নিয়ে দিল্লির ভাবনা: দুই শর্তের কারণে সম্ভাবনা ক্ষীণ — বিবিসি বাংলা
হোম › সম্পাদকীয় ও মতামত › সম্পাদকীয়: ক্যাম্পাসে ককটেল, রাজপথে আগুন—আগুন-সন্ত্রাসের রাজনীতি রুখতেই হবে

সম্পাদকীয়: ক্যাম্পাসে ককটেল, রাজপথে আগুন—আগুন-সন্ত্রাসের রাজনীতি রুখতেই হবে

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০২:১১ পিএম, ১২ নভেম্বর, ২০২৬ 30
সম্পাদকীয়: ক্যাম্পাসে ককটেল, রাজপথে আগুন—আগুন-সন্ত্রাসের রাজনীতি রুখতেই হবে
মো: নাজমুল হাসান বাবু
মো: নাজমুল হাসান বাবুসম্পাদক ও প্রকাশক

যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলন থেকে চব্বিশের জুলাই পর্যন্ত এ জাতির প্রতিটি মুক্তির লড়াইয়ের সূতিকাগার, সেই ক্যাম্পাসে আজ ককটেলের শব্দ শুনতে হচ্ছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসন এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে, গঠন করেছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি। প্রশাসনের এই দ্রুত পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। কিন্তু প্রশ্ন একটাই—জ্ঞানের আলো যেখানে জ্বলার কথা, সেখানে বারুদের গন্ধ ছড়াচ্ছে কারা, কাদের ইশারায়?

ক্যাম্পাস একা নয়। মঙ্গলবার রাতেই রাজধানীর সংসদ ভবন এলাকা, আদাবর, মহাখালী ও তেজগাঁওয়ে একের পর এক ককটেল ফাটানো হয়েছে; শেরেবাংলা নগর ও মিরপুরে আগুন দেওয়া হয়েছে যাত্রীবাহী বাসে। এর আগে সেপ্টেম্বরে কথিত ‘ঢাকা লকডাউন’-কে ঘিরে তিন দিনে রাজধানীর এক ডজনের বেশি স্থানে অন্তত ৩২টি ককটেল বিস্ফোরণ এবং ছয়টি বাসে আগুনের ঘটনা ঘটে। ডিএমপির দাবি, এসব ঘটনায় গ্রেপ্তারদের বড় অংশই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মী। মিরপুরে বাসে আগুনের মামলায় যুবলীগের ঢাকা মহানগর উত্তরের এক নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে।

আগুন দিয়ে রাজনীতি করার এই পথ আওয়ামী লীগের জন্য নতুন নয়। ২০০৪ সালের ৪ জুন দলটির ডাকা হরতালে রাজধানীর শেরাটন হোটেলের সামনে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে ১১ জন নিরীহ মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার বিভীষিকা এ দেশের মানুষ ভোলেনি। ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠা দিয়ে প্রকাশ্য দিবালোকে মানুষ পিটিয়ে হত্যার দৃশ্য সারা বিশ্ব দেখেছে।

আর ক্ষমতার শেষ দিনেও তাদের নৃশংসতা থামেনি। ২০২৪ সালের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় গুলিতে নিহত আন্দোলনকারীদের লাশ ভ্যানে স্তূপ করে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছিল। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, তাঁদের একজন তখনো জীবিত ছিলেন। এ বছরের ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সেই বর্বরতার দায়ে সাবেক এক সংসদ সদস্যসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। মানুষ পোড়ানোর এই রাজনীতিই যে দলটির আসল চেহারা, আদালতের রায় তা আবারও প্রমাণ করেছে।

আজ যখন দেশ গণতান্ত্রিক উত্তরণের পথে, নির্বাচিত সংসদ কাজ করছে, তখন ককটেল আর পেট্রলের মাধ্যমে আবার ভয়ের রাজত্ব কায়েমের চেষ্টা চলছে। এর লক্ষ্য স্পষ্ট—জনমনে আতঙ্ক ছড়ানো, অর্থনীতির চাকা থামানো এবং বিদেশে বসে থাকা পলাতক নেতৃত্বের ফেরার পথ তৈরি করা। কিন্তু যে জাতি বুকের রক্ত দিয়ে স্বৈরাচারকে বিদায় করেছে, সেই জাতিকে বোমা আর আগুন দেখিয়ে আর পেছনে ফেরানো যাবে না।

আমরা সরকারের কাছে স্পষ্ট দাবি জানাই: প্রতিটি ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও দৃশ্যমান তদন্ত করতে হবে; পরিকল্পনাকারী ও অর্থদাতাদের—তারা দেশে হোক বা বিদেশে—আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে, কারণ ন্যায়বিচারই সন্ত্রাসের বিরুদ্ধে সবচেয়ে শক্ত হাতিয়ার।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করতে হবে, যাতে কোনো অপশক্তি শিক্ষার্থীদের ঢাল বানিয়ে ক্যাম্পাসকে অস্থির করতে না পারে। গণপরিবহনে চলাচলকারী সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা রাষ্ট্রকেই দিতে হবে।

আর রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আহ্বান—মতভেদ যত গভীরই হোক, আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। আগুনে পুড়ে মরা বাসচালক, যাত্রী কিংবা শিক্ষার্থীর কোনো দল থাকে না। ককটেলের রাজনীতি, পেট্রলের রাজনীতি এবং লাশ পোড়ানোর রাজনীতির ঠাঁই এই বাংলাদেশে আর হবে না—এটাই হোক আজকের অঙ্গীকার।

ফাইল ছবি

লিংক কপি হয়েছে ✓