শাহরুখের ‘কিং’ দেশের প্রেক্ষাগৃহে আনতে তথ্য মন্ত্রণালয়ে আবেদন
বলিউড তারকা শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আমদানির অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পরিবেশক সংস্থা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এই আবেদন জমা দেয়।
নির্মাতা অনন্য মামুন জানান, সাফটা চুক্তির আওতায় ঢাকার সিনেমা ‘জংলি’ রপ্তানির বিপরীতে ‘কিং’ আমদানির অনুমতি চাওয়া হয়েছে। তিনি বলেন, “আমদানি নীতিমালা অনুসরণ করে প্রয়োজনীয় সব কাগজপত্রসহ আবেদনটি জমা দেওয়া হয়েছে। আশা করা যায় বাংলাদেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন।”
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখের সঙ্গে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে তাঁর মেয়ে সুহানা খানকে। আরও আছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লা। আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটির মুক্তির কথা রয়েছে। গত ২ নভেম্বর শাহরুখের জন্মদিনে সিনেমার ‘তু মিল জায়ে’ গানটি প্রকাশ পায়।
অন্যদিকে ‘জংলি’ গত বছর রোজার ঈদে মুক্তি পাওয়া সিয়াম আহমেদ অভিনীত সিনেমা। এতে আরও অভিনয় করেছেন শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি, শহীদুজ্জামান সেলিম ও দিলারা জামান।
বাংলাদেশে ‘কিং’-এর মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি। মন্ত্রণালয়ের অনুমতি পেলে দেশের প্রেক্ষাগৃহেও একই সময়ে সিনেমাটি মুক্তির প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ছবি: সংগৃহীত





