শীতের শুষ্কতা আসার আগেই ত্বকের যত্নে মেনে চলুন এই ৯ কৌশল
কার্তিকের শেষে বাতাসে শীতের আমেজ। এ সময় থেকেই বাতাসের আর্দ্রতা কমতে শুরু করে, ফলে ত্বক হয়ে পড়ে রুক্ষ, টানটান ও নিস্তেজ। চর্মরোগ বিশেষজ্ঞরা বলছেন, শীত পুরোপুরি জেঁকে বসার আগেই ত্বকের যত্নের রুটিনে কিছু পরিবর্তন আনলে এই সমস্যা অনেকটাই এড়ানো যায়।
১. কোমল ক্লিনজার বেছে নিন: কড়া ফোমিং ফেসওয়াশ ও ক্ষারীয় সাবান ত্বকের প্রাকৃতিক তেল শুষে নেয়। নিউইয়র্কের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মিশেল হেনরির মতে, মুখ ধোয়ার পর ত্বক টানটান লাগা ভালো লক্ষণ নয়, এটি ত্বকের রক্ষাকবচ ভেঙে দেয়। তাই গ্লিসারিন, সেরামাইড বা অ্যালোভেরাযুক্ত সাবানমুক্ত ক্রিমি ক্লিনজার ব্যবহার করুন।
২. ‘তিন মিনিটের নিয়ম’ মানুন: মুখ ধোয়া বা গোসলের পর ত্বক কিছুটা ভেজা থাকতেই, তিন মিনিটের মধ্যে ময়েশ্চারাইজার লাগান। এতে ত্বকের পানি আটকে থাকে।
৩. ভারী ময়েশ্চারাইজার: হালকা জেলের বদলে হায়ালুরোনিক অ্যাসিড, শিয়া বাটার, স্কোয়ালেন বা সেরামাইডযুক্ত ঘন ক্রিম বেছে নিন।
৪. স্ক্রাব ও কড়া উপাদান কমান: এ সময় ঘন ঘন স্ক্রাব করা এবং কড়া রেটিনয়েড বা অ্যাসিড ব্যবহার থেকে বিরত থাকুন। প্রয়োজনে সপ্তাহে সর্বোচ্চ একবার ল্যাকটিক অ্যাসিড বা পিএইচএ-যুক্ত মৃদু এক্সফোলিয়েন্ট ব্যবহার করা যায়।
৫. ভেতর থেকে পুষ্টি: মাছ, তিসি ও চিয়া বীজের মতো ওমেগা-৩ সমৃদ্ধ খাবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ফলমূল খান। দিনে অন্তত দুই থেকে আড়াই লিটার পানি পান করুন।
৬. হাত ও ঠোঁটের যত্ন: প্রতিবার হাত ধোয়ার পর হ্যান্ড ক্রিম লাগান। সঙ্গে রাখুন পেট্রোলিয়াম জেলিযুক্ত লিপবাম। রাতে হাত-পায়ে ঘন মলম লাগিয়ে সুতির মোজা পরে ঘুমাতে পারেন।
৭. গোসলে সতর্কতা: শীতে গরম পানির গোসল আরাম দিলেও তা ত্বককে আরও শুষ্ক করে। কুসুম গরম পানি ব্যবহার করুন এবং গোসল ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে শেষ করুন।
৮. ঘরের আর্দ্রতা: শোবার ঘরে হিউমিডিফায়ার ব্যবহার করে আর্দ্রতা ৪০ থেকে ৬০ শতাংশের মধ্যে রাখার চেষ্টা করুন।
৯. সানস্ক্রিন ভুলবেন না: মেঘলা শীতের দিনেও সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করে। তাই বাইরে বের হলে এসপিএফ ৩০ বা তার বেশি মাত্রার ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করুন।
ত্বকে অতিরিক্ত চুলকানি, লালচে ভাব বা ফাটল দেখা দিলে দেরি না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ছবি: প্রতীকী





