মেয়র মামদানির পাঁচ প্রস্তাবেই নিউইয়র্কবাসীর ‘হ্যাঁ’: আউটডোর ডাইনিং থেকে বাইক লেন—কী বদলাবে
নিউইয়র্ক সিটির নির্বাচনে ভোটাররা মেয়র জোহরান মামদানির সমর্থিত পাঁচটি চার্টার সংশোধনী প্রস্তাবই অনুমোদন করেছেন। ৩ নভেম্বরের ভোটে প্রতিটি প্রস্তাবের পক্ষে ১০ লাখের বেশি নিউইয়র্কবাসী ভোট দিয়েছেন বলে মেয়রের কার্যালয় জানিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম বুশউইক ডেইলির হিসাবে প্রতিটি প্রস্তাব অন্তত ৬১ শতাংশ ‘হ্যাঁ’ ভোট পেয়েছে।
প্রথম প্রস্তাবে রেস্তোরাঁর আউটডোর ডাইনিংয়ের অনুমোদনপ্রক্রিয়া আট মাস থেকে কমিয়ে দুই মাসে আনা হবে। এতে ছোট ব্যবসায়ীদের আবেদন খরচ ১ হাজার ৮০০ ডলার পর্যন্ত বাঁচবে। প্রতিবন্ধীদের জন্য প্রবেশ র্যাম্প ও লিফট বসানোর অনুমোদনও দুই মাস কম সময়ে মিলবে।
দ্বিতীয় প্রস্তাবে ছোট ব্যবসা ও অলাভজনক সংস্থার সঙ্গে সিটির চুক্তিপ্রক্রিয়া দ্রুত করা হবে, কাগজপত্র কমবে এবং সময় বাঁচবে ৩০ দিন পর্যন্ত। তৃতীয় প্রস্তাবে বাইক লেনসহ সড়ক নিরাপত্তা প্রকল্প অন্তত ৩৩ শতাংশ দ্রুত বাস্তবায়ন হবে। পাশাপাশি সিটির ছোট উদ্বৃত্ত জমি ও ল্যান্ডমার্ক ভবনের অব্যবহৃত ‘এয়ার রাইটস’ বিক্রি করে ২০ কোটি ডলারের বেশি আয়ের সুযোগ তৈরি হবে।
চতুর্থ প্রস্তাবে ১৮টি দপ্তর ও সংস্থার ৪০ ধরনের নির্মাণ অনুমোদন এক জায়গায় আনা হবে। পঞ্চম প্রস্তাবে সিটির মোট কর রাজস্বের ১২ শতাংশ ‘রেইনি ডে’ বা জরুরি সঞ্চয় তহবিলে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ফলাফলের পর মেয়র মামদানি বলেন, ‘আজ রাতে নিউইয়র্কবাসী এমন একটি সরকারের পক্ষে ভোট দিয়েছেন, যা তাঁদের মতোই দ্রুত চলে।’ তিনি আরও বলেন, ‘এখন এই ভোটকে ফলাফলে রূপ দেওয়ার কাজ।’ তবে কিছু সমালোচক বলছেন, অনুমোদনপ্রক্রিয়া দ্রুত করতে গিয়ে কয়েকটি ক্ষেত্রে জনমত দেওয়ার সুযোগ কমে যেতে পারে।
ফাইল ছবি: ফ্লাশিংয়ে প্রচারণায় জোহরান মামদানি — InformedImages / উইকিমিডিয়া কমন্স (CC BY 4.0)