নওগাঁয় নকল সার-কীটনাশকের কারবারে একজনের কারাদণ্ড, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নওগাঁর মহাদেবপুরের শিবগঞ্জ বাজারে নকল সার ও কীটনাশকের কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও এসআরবি। শনিবার ভোর থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত চলা অভিযানে দুটি প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা করে জরিমানা করা হয় এবং একজনকে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম।
জানা যায়, উপজেলার শিবগঞ্জ গ্রামের মৃত মোতার হোসেনের মৃত্যুর পর ‘এস ডি এগ্রোভেট’ নামে পৃথক দুটি কারখানা চালাতেন তাঁর দুই ছেলে মোহাম্মদ শাহিনুর আলম ও দেলোয়ার হোসেন। কৃষকদের সঙ্গে প্রতারণা ও কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে নকল সার-কীটনাশকের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় এস ডি এগ্রোভেটের মালিক মোহাম্মদ শাহিনুর আলম উপস্থিত না থাকায় তাঁর স্ত্রী হাসনাত জাহান পাপিয়াকে বালাইনাশক আইন, ২০১৮-এর ৩১(১) ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে একই নামের আরেকটি কারখানা চালানোয় তাঁর ভাই মো. দেলোয়ার হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ বলেন, প্রতিষ্ঠান দুটির বোরন ও জৈব সার তৈরির অনুমোদন থাকলেও সাইপারমেথ্রিন এবং তেলাপোকা মারার চক তৈরির কোনো কাগজপত্র তারা দেখাতে পারেনি। অনুমোদিত পণ্যের মান যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে, যা পরীক্ষার জন্য পাঠানো হবে।
সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বলেন, দুই প্রতিষ্ঠানের মালিককে মোট দুই লাখ টাকা জরিমানা এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কৃষকদের স্বার্থে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।