নেলসন ম্যান্ডেলাকে বন্দি রাখা রোবেন দ্বীপের কারাগার ঘুরে দেখলেন ড. ইউনূস
দক্ষিণ আফ্রিকার কেপটাউনের অদূরে ঐতিহাসিক রোবেন দ্বীপ পরিদর্শন করেছেন নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বর্ণবাদবিরোধী সংগ্রামের কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা এই দ্বীপের সর্বোচ্চ নিরাপত্তার কারাগারে ১৮ বছর বন্দি ছিলেন।
শুক্রবার (৬ নভেম্বর) তিনি দ্বীপটি ঘুরে দেখেন। পরিদর্শনের কয়েকটি ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক এই প্রধান উপদেষ্টা। ছবিতে কারাগারের সরু করিডর, বন্দিদের ছোট কক্ষ এবং মেঝেতে বিছানো কম্বল-মাদুর দেখা যায়।
ডেইলি ওয়াদার খবরে বলা হয়েছে, ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিট ২০২৬-এ যোগ দিতে অধ্যাপক ইউনূস বর্তমানে কেপটাউনে অবস্থান করছেন। ১৯০টির বেশি দেশের দুই হাজারের বেশি তরুণ প্রতিনিধি এই সম্মেলনে অংশ নিচ্ছেন। রোবেন দ্বীপ পরিদর্শনের ব্যবস্থা করে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ হাইকমিশন।
রোবেন দ্বীপ একসময় রাজনৈতিক বন্দিদের কারাগার হিসেবে ব্যবহৃত হতো। ম্যান্ডেলাসহ বর্ণবাদবিরোধী আন্দোলনের বহু নেতাকে সেখানে আটকে রাখা হয়েছিল। বর্তমানে দ্বীপটি জাদুঘর এবং ইউনেসকো বিশ্ব ঐতিহ্যের অংশ। প্রতিবছর বিশ্বের নানা প্রান্তের হাজারো মানুষ দ্বীপটি দেখতে যান।
ছবি: সংগৃহীত