নাসিরনগরে র্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন চেয়ারম্যান মার্কেট থেকে একটি বিশাল র্যালি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পমাল্য অর্পণের পর উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সহসভাপতি এ কে এম খালেদের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি এম এ হান্নান।
প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান বলেন, “৭ নভেম্বরের চেতনাই আমাদের প্রেরণা। নাসিরনগরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী দিনে আরও বড় বিজয় আসবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, সাবেক সদস্যসচিব মো. আজিজুর রহমান চৌধুরী, সাবেক সহসাংগঠনিক সম্পাদক আজদু মিয়া, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সারোয়ার ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক, উপজেলা যুবদলের সভাপতি জামাল আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ইমরান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তাকিউল ইসলাম, শরিফুল ইসলাম, খায়রুল বাশার রনি এবং উপজেলা মহিলা দলের তাজমহল মেম্বার ও গুলবাহার মেম্বার। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর জাতীয় জীবনের এক ঐতিহাসিক দিন। সেদিন সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশে জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠিত হয়েছিল। সেই চেতনা ধারণ করে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করতে হবে। বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলের জন্য কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।