শ্রীমঙ্গলে ২ লাখ ১৬ হাজার টাকার ভারতীয় শ্যাম্পু উদ্ধার, গ্রেপ্তার ১
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ২৮৮ পিস ভারতীয় শ্যাম্পু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুল মতিন রিপন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাতে শ্রীমঙ্গল থানার আশিদ্রোন ইউনিয়নের তপশীপাড়া এলাকায় তাঁর বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব শ্যাম্পু উদ্ধার করা হয়। গ্রেপ্তার আব্দুল মতিন রিপন তপশীপাড়া এলাকার মৃত আলীম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পরে তাঁর বসতঘরের লাকড়ি রাখার কক্ষ থেকে ১২টি কার্টনে ২৪টি করে মোট ২৮৮ পিস শ্যাম্পু উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৬ হাজার টাকা। এ সময় উদ্ধার করা পণ্যের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অজ্ঞাতনামা দুই-তিনজনের সহযোগিতায় চোরাচালানের মাধ্যমে এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে আনার কথা জানিয়েছেন বলে পুলিশ জানায়।
শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরী বলেন, এ ঘটনায় গ্রেপ্তার আসামি ও অজ্ঞাতনামা দুই-তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।