নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেপ্তার
রাজধানীর মিরপুর থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নড়াইল জেলা শাখার দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে মিরপুর-২ নম্বর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মিরপুর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের অভিযোগ, পাপিয়া সুলতানা নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন এবং ফেসবুকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। ওসির দাবি, তিনি বিভিন্ন সময় ঢাকায় নাশকতার পরিকল্পনায় অংশ নিয়েছেন এবং তার সহযোগীরা সম্প্রতি গোপালগঞ্জে নাশকতায় জড়িত ছিলেন।
পুলিশ জানিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সঙ্গে আর কেউ বা কোনো চক্র জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশের এসব অভিযোগের বিষয়ে পাপিয়া সুলতানা বা তার পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।





