প্রথম বাংলাদেশি হিসেবে হিপা গ্র্যান্ড পুরস্কার জিতলেন আলোকচিত্রী পিনু রহমান
প্রথমবারের মতো কোনো বাংলাদেশি আলোকচিত্রী হিসেবে হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) গ্র্যান্ড পুরস্কার জিতেছেন পিনু রহমান। সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক এই আন্তর্জাতিক প্রতিযোগিতার ১৫তম আসরে ‘ফ্যামিলি’ (পরিবার) থিমে তিনি এ সর্বোচ্চ পুরস্কার পান। দুবাই সরকারের মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, গ্র্যান্ড পুরস্কারের অর্থমূল্য ২ লাখ মার্কিন ডলার।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুবাইয়ের মিউজিয়াম অব দ্য ফিউচারে সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
‘আন্ডার দ্য সেম স্কাই’ শিরোনামের আলোকচিত্রের জন্য এই পুরস্কার পেয়েছেন পিনু রহমান। ছবিতে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া ঢাকার কড়াইল বস্তির একটি ঘরে খোলা আকাশের নিচে ঘুমিয়ে আছেন একটি পরিবারের পাঁচ সদস্য। ঘরবাড়ি, সম্পদ কিংবা আশ্রয় হারালেও পরিবারের বন্ধন ও ভালোবাসা অটুট থাকে—এই মানবিক বার্তাই ছবির মাধ্যমে তুলে ধরেছেন তিনি।
প্রথম আলোকে পিনু রহমান বলেন, ‘বরাবরই আমি মানুষের গল্প বলতে ভালোবাসি। আন্তর্জাতিক এই বৃহৎ মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি পুরস্কার অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের।’
পেশায় ব্যাংকার পিনু রহমান রূপালী ব্যাংকের সাইবার সিকিউরিটি বিভাগে সহকারী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত। তাঁর বেড়ে ওঠা পিরোজপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন তিনি।
ছবি: দুবাইয়ে হিপা গ্র্যান্ড পুরস্কার হাতে উচ্ছ্বসিত বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান। ছবি: প্রথম আলো





