সরকারি ব্যয়ে আবারও কড়াকড়ি: নতুন গাড়ি কেনা, ভবন নির্মাণ ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ
চলতি ২০২৬–২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে সরকারি ব্যয়ে আরও কড়াকড়ি আরোপ করেছে সরকার। নতুন গাড়ি কেনা, সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ এবং নতুন ভবন নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সংশোধিত বাজেট প্রণয়নের জন্য সোমবার (৯ নভেম্বর) জারি করা এক পরিপত্রে এসব নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
নির্দেশনায় বলা হয়েছে, সংশোধিত বাজেটের মোট ব্যয় মূল বাজেটে নির্ধারিত সীমার মধ্যেই রাখতে হবে। কোনো মন্ত্রণালয় বা বিভাগ অতিরিক্ত বরাদ্দ দাবি করতে পারবে না; বরং মূল বাজেটের মধ্যেই সরকারের অগ্রাধিকার, নীতি ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রয়োজনীয় খাতে বরাদ্দ পুনর্বিন্যাস করতে হবে। উন্নয়ন প্রকল্পের সংখ্যা কমিয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পে বরাদ্দ বাড়ানোর কথাও বলা হয়েছে। সংশোধিত বাজেটের প্রস্তাব জমা দিতে হবে আগামী ২৬ নভেম্বরের মধ্যে।
নির্দেশনা অনুযায়ী, চলতি অর্থবছরে সব ধরনের যানবাহন কেনার বরাদ্দ ব্যয় বন্ধ থাকবে। তবে ১০ বছরের বেশি পুরোনো সরকারি গাড়ি প্রতিস্থাপন এবং নতুন গঠিত প্রতিষ্ঠানের প্রয়োজনীয় যানবাহন কেনায় অর্থ বিভাগের অনুমোদন নিতে হবে। অ্যাম্বুলেন্স ও নিরাপত্তার কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া প্রতিস্থাপন বা নতুন কেনা গাড়ি অবশ্যই বৈদ্যুতিক হতে হবে।
শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট স্থাপনা ছাড়া নতুন আবাসিক, অনাবাসিক ও অন্যান্য ভবন নির্মাণও বন্ধ থাকবে। তবে কোনো ভবনের নির্মাণকাজ ৭০ শতাংশ বা তার বেশি শেষ হলে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে বাকি কাজের ব্যয় করা যাবে। সরকারি কর্মচারীদের গাড়ি কেনার সুদমুক্ত বিশেষ অগ্রিম ঋণের বরাদ্দও রাখা যাবে না, আর পরিচালন বাজেটে ভূমি অধিগ্রহণের বরাদ্দ রাখাও নিষিদ্ধ করা হয়েছে।
প্রথম আলো ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবরে এসব তথ্য জানানো হয়েছে।
ছবি: বাংলাদেশ সচিবালয় (ফাইল ছবি)। ছবি: Wasiul Bahar / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)





