সৈয়দপুরে জমি নিয়ে আদালতের রায় ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
নীলফামারীর সৈয়দপুরে জমির মালিকানা ও আদালতের রায়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর সাতজনকে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাজীপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন ১০ শতক জমি নিয়ে কাজী মোকছেদুল ও মইনুল শেখের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে আইনি বিরোধ চলছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের সাম্প্রতিক একটি রায় নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে ভর্তি সাতজনের মধ্যে দুই পক্ষেরই লোকজন রয়েছেন।
সংঘর্ষের জন্য দুই পক্ষ পরস্পরকে দায়ী করছে। কাজী মোকছেদুলের জামাতা আরিফ হোসেন দাবি করেন, জমিটি তাঁর শ্বশুরের, যা মইনুল শেখ জোর করে দখল করে রেখেছিলেন। সম্প্রতি আদালত তাঁদের পক্ষে রায় দিয়েছেন। বিকেলে রায়ের কপি নিয়ে কথা বলতে গেলে মইনুল শেখের ভাড়াটে লোকজন তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, এতে তাঁদের পক্ষের ১১ জন আহত হয়েছেন, যাঁদের মধ্যে পাঁচজন হাসপাতালে ভর্তি।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মইনুল শেখ। তাঁর দাবি, জমির প্রকৃত মালিক তাঁরাই। কাজী মোকছেদুল বাইরে থেকে লোকজন ভাড়া করে এনে তাঁদের পরিবারের ওপর অতর্কিত হামলা চালিয়েছেন। এতে তাঁদের পক্ষেরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানান তিনি।
সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নাজমুল হুদা জানান, আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, সংঘর্ষের খবর পুলিশ পেয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ছবি: সংগৃহীত





