বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, মাসিক বেতন ১৭০০ রিঙ্গিত
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পাওয়া ১১২ বাংলাদেশি কর্মী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় প্রথম ফ্লাইটে দেশটিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী তাঁদের বিদায় জানাবেন বলে জানিয়েছে বোয়েসেল।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে কাজ করবেন। চুক্তির মেয়াদ তিন বছর, যা নবায়নযোগ্য।
কর্মসূচিতে ‘শূন্য মানে শূন্য’ নীতি অনুসরণ করা হচ্ছে। পাসপোর্ট, মেডিকেল, বিএমইটি নিবন্ধন, প্রশিক্ষণ, বীমা ও আবাসনসহ বাংলাদেশ অংশের জনপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা এবং ভিসা ও বিমান টিকিটের খরচ বহন করছে নিয়োগকর্তা।
বোয়েসেল জানিয়েছে, মালয়েশিয়ার চার প্রতিষ্ঠান—ডিএইচএল, টপ গ্লোভ, তাতাওয়া ইন্ডাস্ট্রি ও ইউনাইটেড প্ল্যান্টেশনস—থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদা এসেছে।
ছবি: সংগৃহীত





