গুমের শিকার দুই ছেলের ছবি বুকে জিয়াউল আহসানের বাড়ির সামনে মায়ের আহাজারি
গুমের শিকার দুই সন্তানের ছবি হাতে নিয়ে বরিশাল নগরীতে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বাড়ির সামনে আহাজারি করেছেন মা ফিরোজা বেগম। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বিক্ষুব্ধ ছাত্র-জনতার এক কর্মসূচি চলাকালে সন্তানদের ফিরে পাওয়ার আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
ফিরোজা বেগমের দুই সন্তানের নাম ফিরোজ খান কালু ও মিরাজ খান। তিনি জানান, দুই ছেলেকে তুলে নেওয়ার পর থেকে তাঁদের আর কোনো খোঁজ পাননি। দীর্ঘদিন ধরে সন্তানদের ফিরে পাওয়ার অপেক্ষায় থাকা এই মা জানতে চান, তাঁর সন্তানদের অপরাধ কী ছিল এবং কেন তাঁদের এভাবে নিখোঁজ করা হলো। সন্তানদের সন্ধান ও ঘটনার বিচার দাবি করেন তিনি।
কর্মসূচিতে বিক্ষোভকারীরা জিয়াউল আহসানের বাড়ির নাম ‘তাসফিয়া মঞ্জিল’ কালো কালি দিয়ে মুছে দেন। বাড়ির গেটে ‘খুনির বাড়ি’ ও ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ লেখা দুটি নামফলক লাগানো হয় এবং গুম ও হত্যার শিকার ব্যক্তিদের তালিকাসংবলিত ব্যানার ঝোলানো হয়। জিয়াউল আহসানের ফাঁসির দাবিতে স্লোগান দেন তাঁরা। ছাত্র-জনতার প্রতিনিধি নাঈম বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে অসংখ্য মানুষকে গুম ও হত্যার অভিযোগ রয়েছে। তাঁরা এসব অপরাধের সুষ্ঠু বিচার এবং জনসম্মুখে ফাঁসি কার্যকরের দাবি জানান।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে। যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষের ভাষ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে ১১৫ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে, আর সাক্ষীদের বক্তব্যে এ সংখ্যা ১৫০ থেকে ২০০ জন পর্যন্ত উঠে এসেছে। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া আদালতে জবানবন্দিতে তাঁকে ‘সিরিয়াল কিলার’ বলে অভিহিত করেছেন।
রাষ্ট্রপক্ষের অভিযোগ, র্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে গুম ও হত্যার বিভিন্ন ঘটনায় তাঁর সংশ্লিষ্টতা ছিল। বিরোধী মতাবলম্বীদের গোপন স্থানে আটকে রেখে নির্যাতন এবং পরে গাজীপুরের নির্জন সড়ক, বরগুনার বলেশ্বর নদী ও সুন্দরবন এলাকায় নিয়ে হত্যার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন জিয়াউল আহসানকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়, বর্তমানে তিনি কারাগারে আছেন। মামলাটির রায় এখনো হয়নি। অভিযোগ ও বিক্ষোভের বিষয়ে জিয়াউল আহসান বা তাঁর আইনজীবীর বক্তব্য পাওয়া যায়নি।
ছবি: সংগৃহীত





