থ্যাংকসগিভিংয়ে দুই উপকূলে ঝড়, ২২ কোটির বেশি মানুষ ঝুঁকিতে, যাত্রায় বিপত্তি
থ্যাংকসগিভিংয়ের ছুটিতে যখন লাখো মার্কিনি পরিবার-পরিজনের কাছে ছুটছেন, তখনই যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ঝড়। ফক্স ওয়েদারের হিসাবে, ২৫টির বেশি অঙ্গরাজ্যের ২২ কোটির বেশি মানুষ এই ঝড়ের প্রভাবের আওতায় রয়েছেন। এবারের ছুটিতে প্রায় ৮ কোটি ১৫ লাখ মানুষ ভ্রমণ করছেন বলে ধারণা করা হচ্ছে।
পূর্ব উপকূলের ঝড়টি প্রথমে ফ্লোরিডায় আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি করে। আটলান্টিক উপকূলের জুপিটার থেকে হোমস্টেড পর্যন্ত বন্যার সতর্কতা দেওয়া হয়, ফোর্ট লডারডেল থেকে কি ওয়েস্ট পর্যন্ত বজ্রঝড় ও বিচ্ছিন্ন টর্নেডোর আশঙ্কাও ছিল। এরপর ঝড়টি ক্যারোলাইনা ও ভার্জিনিয়ার উপকূল হয়ে থ্যাংকসগিভিংয়ের দিন উত্তর-পূর্বাঞ্চলে পৌঁছায়।
চেসাপিক বে, পুরো জার্সি শোর, নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ডের দক্ষিণ উপকূল ও দক্ষিণ কানেটিকাটে শুক্রবার সকাল পর্যন্ত উপকূলীয় বন্যার সতর্কতা জারি রয়েছে। ডেলাওয়্যার বে এলাকায় রেকর্ড উচ্চতার জোয়ারের পূর্বাভাস দেওয়া হয়েছে; সাউথ জার্সির উপকূলে সুপারস্টর্ম স্যান্ডির পর সর্বোচ্চ পানি উঠতে পারে বলে সতর্ক করা হয়েছে। সাউথ ক্যারোলাইনার চার্লস্টন হারবারে পানি বড় বন্যার স্তরে পৌঁছেছে।
পশ্চিম উপকূলেও পরিস্থিতি নাজুক। মঙ্গলবার সান ফ্রান্সিসকোর জোয়ার পরিমাপক যন্ত্রে পানির উচ্চতা ৮ দশমিক ২৩ ফুটে ওঠে, যা ১৯৮২ সালের রেকর্ড ভেঙে দিয়েছে। মধ্যাঞ্চলের সেন্ট লুইস ও আশপাশে শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে, সেখানে ৫ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে।
বিমান চলাচলেও প্রভাব পড়ছে। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, শুক্রবার পর্যন্ত প্রায় ১ লাখ ২০ হাজার ফ্লাইট পরিচালনার কথা রয়েছে। থ্যাংকসগিভিংয়ের দিন উত্তর-পূর্বাঞ্চলের প্রধান বিমানবন্দরগুলোতে উল্লেখযোগ্য বিলম্ব হতে পারে বলে সতর্ক করা হয়েছে। ঝড়ের কারণে নিউইয়র্কের ঐতিহ্যবাহী মেসির থ্যাংকসগিভিং প্যারেডও শনিবার পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।
সূত্র: ফক্স ওয়েদার, দ্য ওয়েদার চ্যানেল, এবিসি নিউজ
প্রতীকী ছবি: নাসা/উইকিমিডিয়া কমন্স





