ট্রলি ব্যাগে মিলেছিল মাইক্রোবাসচালকের মরদেহ: ছয় বছর পর তিনজনের যাবজ্জীবন
রাজধানীর ডেমরায় এক মাইক্রোবাসচালককে অপহরণের পর হত্যা করে মরদেহ ট্রলি ব্যাগে ভরে খালে ফেলে দেওয়ার ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘটনার প্রায় ছয় বছর পর এ রায় এল। একই সঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১৬-এর বিচারক নাজমুন নাহার নিপু এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন লিপি আক্তার, মাহবুব খান ও রাজন হাওলাদার। রায় ঘোষণার সময় লিপি ও মাহবুব আদালতে উপস্থিত ছিলেন; পরে তাঁদের সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়। রাজন পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার শফি নেওয়াজ নাছির রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, জরিমানা অনাদায়ে প্রত্যেক আসামিকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে। এ ছাড়া মামলার অন্য একটি ধারায় তাঁদের সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে সব সাজা একসঙ্গে চলবে।
মামলার এজাহার অনুযায়ী, নিহত হারুনর রশিদ হাওলাদার পেশায় মাইক্রোবাসচালক ছিলেন। স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্যামপুরের জুরাইন এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। ২০২০ সালের ২৩ নভেম্বর রাতে বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেননি।
পরদিন দুপুরে নিজের মোবাইল ফোন থেকে স্ত্রীর বোনের স্বামী কলিম শিকদারকে ফোন করে হারুন জানান, তিনি বিপদে পড়েছেন, বিকাশে টাকা পাঠাতে হবে। তাঁর কথামতো প্রথমে ৩০ হাজার এবং পরে আরও ১৫ হাজার টাকা পাঠান কলিম। টাকা পাঠানোর পরই হারুনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এর পরদিন ২৫ নভেম্বর রাতে ডেমরার বামৈল বাঁশেরপুল এলাকায় গোলাম মোস্তফা স্কুল অ্যান্ড কলেজের পাশের ডিএনডি খাল থেকে একটি খয়েরি রঙের ট্রলি ব্যাগের ভেতর থেকে হারুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২০২০ সালের ২৬ নভেম্বর ডেমরা থানায় হত্যা মামলা করেন হারুনের স্ত্রী লিলি বেগম। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করা হলো।
প্রতীকী ছবি





