স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ফাঁদে পড়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম
আওয়ামী লীগের বিরুদ্ধে আগাম কোনো পদক্ষেপ না নেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের একটি রাজনৈতিক কৌশল ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব ও দ্য ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম। তার মতে, সহিংসতার পথে গিয়ে আওয়ামী লীগ নিজেরাই সেই কৌশলের ফাঁদে পা দিয়েছে।
রোববার (২২ নভেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন। শফিকুল আলম লেখেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংস কর্মকাণ্ড অনেকের কাছে সরকারের দুর্বলতা বা দলটির ফিরে আসার ইঙ্গিত মনে হলেও বাস্তবে তা ছিল একটি রাজনৈতিক ফাঁদ। সালাহউদ্দিন আহমেদের এই কৌশল অনেককে বিস্মিত করলেও তা পরিকল্পনা অনুযায়ী কাজ করেছে বলে তিনি মনে করেন।
স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির সংসদ সদস্যদের বাড়িসহ বিভিন্ন স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ ও থানায় আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছেন। গোপালগঞ্জের সহিংসতায় পাঁচজনের মৃত্যু, বাসে অগ্নিসংযোগ এবং পেট্রোল বোমা ও ককটেল হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব কর্মকাণ্ড দলটির রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টাকেই ক্ষতিগ্রস্ত করেছে।
শফিকুল আলমের দাবি, সহিংসতা বৃহত্তর গোপালগঞ্জের বাইরে উল্লেখযোগ্যভাবে ছড়ায়নি। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী তিন বাহিনীর প্রধানদের গোপালগঞ্জে পাঠান। তবে বড় অভিযান শুরুর আগেই আওয়ামী লীগের তরুণ কর্মীরা অন্য জেলায় সরে গেছেন বলে তিনি উল্লেখ করেন।
স্ট্যাটাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য গড়ার আহ্বানের প্রসঙ্গও তুলে ধরেন শফিকুল আলম। তার মতে, সংসদে থাকা দলগুলোর এই ঐক্যের ফলে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সুযোগ সীমিত হয়ে এসেছে। তার এসব মন্তব্যের বিষয়ে আওয়ামী লীগের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





