আদালতের বাধা উপেক্ষা করে প্রশান্ত মহাসাগরের ৩ কোটি ১৫ লাখ একর সমুদ্রতল ইজারা দিল ট্রাম্প প্রশাসন
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে আমেরিকান সামোয়ার কাছে ৩ কোটি ১৫ লাখ একর (৩১.৫ মিলিয়ন একর) সমুদ্রতল একটি বেসরকারি গভীর সমুদ্র খনি প্রতিষ্ঠানের কাছে ইজারা দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের বরাতে আজকের পত্রিকা জানিয়েছে, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এ ইজারা দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গভীর সমুদ্রে বাণিজ্যিক খনি কার্যক্রমের জন্য যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ ধরনের ইজারা এটিই প্রথম। ক্যালিফোর্নিয়ার থাউজেন্ড ওকসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নবগঠিত ‘মেরিন মিনারেলস অ্যাডমিনিস্ট্রেশন’-এর আঞ্চলিক কার্যালয়ের কাছে একটি ফায়ার স্টেশনে বিতর্কিত এ নিলাম অনুষ্ঠিত হয়।
নিলামে দুটি প্রতিষ্ঠান অংশ নেয়—নিউইয়র্কভিত্তিক ওয়েটস্টোন ইউএস ভেঞ্চার্স এবং নরওয়ের অ্যাডেপথ মিনারেলস। ৬০ লাখ ডলারের সর্বোচ্চ দর দিয়ে ইজারা পায় ওয়েটস্টোন ইউএস ভেঞ্চার্স।
এই ইজারার অধীনে প্রতিষ্ঠানটি সমুদ্রতলের ম্যাপিং ও প্রাথমিক অনুসন্ধান চালাতে পারবে।
সূত্র: নিউইয়র্ক টাইমস, আজকের পত্রিকা





