হাঙ্গেরিতে বন ও গুদামে লুকানো প্রায় ২ কোটি ডলার উদ্ধার, অরবান আমলের দুর্নীতির তদন্ত
হাঙ্গেরিতে দুর্নীতিবিরোধী অভিযানে বনভূমিতে মাটিতে পুঁতে রাখা ও বিভিন্ন ভবনে লুকানো প্রায় ১ কোটি ৯৫ লাখ ডলার সমমূল্যের নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। দেশটির নতুন প্রতিষ্ঠিত সংস্থা ‘ন্যাশনাল অ্যাসেট রিকভারি অ্যান্ড প্রোটেকশন অফিস’ শুক্রবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানায়।
সংস্থাটি জানায়, ১২ ও ১৩ নভেম্বর রাজধানী বুদাপেস্টসহ দেশের আরও তিনটি এলাকায় অভিযান চালিয়ে খামারবাড়ি, গুদাম, একটি বাসভবন, নির্জন স্থানে রাখা একটি দামি সিন্দুক এবং বনের মাটির নিচ থেকে হাঙ্গেরীয় ফরিন্ট, ইউরো ও মার্কিন ডলারে এসব অর্থ উদ্ধার করা হয়। অর্থমন্ত্রী আন্দ্রাশ কারমান জানান, রাষ্ট্রীয় কোষাগারের ১২ জন কর্মী টানা আট ঘণ্টা ধরে এসব টাকা গুনেছেন।
সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের আমলের দুর্নীতির তদন্তের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত উন্নয়নমন্ত্রীর দায়িত্বে থাকা মিকলোশ সেস্তাকের বিরুদ্ধে পুরোনো বাস কেনা ও সরকারি নির্মাণ প্রকল্পে ৩ কোটি ৭২ লাখ ডলারের বেশি ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। তিনি সেপ্টেম্বরে আটক হন এবং অভিযোগ অস্বীকার করেছেন।
আলাদা এক মামলায় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর গিওর্গি মাতোলচিকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনিও অভিযোগ অস্বীকার করেছেন।
গত এপ্রিলে পেটার মাজিয়ারের তিসা পার্টির কাছে হেরে অরবানের ১৬ বছরের শাসনের অবসান ঘটে। প্রধানমন্ত্রী মাজিয়ার বলেছেন, এই উদ্ধার ‘ফিদেস-কেডিএনপি মাফিয়ার’ সমাপ্তির ইঙ্গিত। অন্যদিকে অরবান অভিযোগ করেছেন, তাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে নতুন সরকার এসব তদন্ত ব্যবহার করছে।
সূত্র: আল জাজিরা
ছবি: এপি (ফাইল)





