পেরুর প্রত্যন্ত আন্দিজ শহরে ২০ হাজার মানুষের সমাবেশে সহিংসতা বন্ধের আহ্বান পোপ লিওর
লাতিন আমেরিকার দেশ পেরুতে চলমান সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন পোপ চতুর্দশ লিও। শনিবার (১৪ নভেম্বর) দেশটির কাহামার্কা অঞ্চলের প্রত্যন্ত আন্দিজ শহর সান্তা ক্রুজ দে সুচাবাম্বায় প্রায় ২০ হাজার মানুষের উপস্থিতিতে খোলা মাঠে প্রার্থনা সভায় তিনি এ আহ্বান জানান।
পোপ বলেন, স্বার্থপরতা, অবিচার ও অন্যায় ‘নিষ্ঠুরতা দিয়ে জয় করা যায় না’। তিনি অন্যায়ের প্রতিবাদে প্রার্থনা, ধৈর্য ও অধ্যবসায়ের আহ্বান জানান।
এর আগে পোপ চিক্লাইওতে তার সাবেক ক্যাথেড্রালে বক্তব্য দেন। পোপ হওয়ার আগে ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি চিক্লাইওর বিশপ ছিলেন। সেখানে তিনি বলেন, ‘ব্যাপক সহিংসতা’ ও ‘অবর্ণনীয় দুর্ভোগে’ মানুষ নিজেদের অনিরাপদ মনে করছে।
পেরুতে গত পাঁচ বছরে হত্যাকাণ্ডের হার প্রায় দ্বিগুণ হয়েছে। সরকারি হিসাবে চাঁদাবাজির ঘটনা ২০১৯ সালের ২ হাজার ৪২১টি থেকে বেড়ে ২০২৫ সালে ২৬ হাজার ৭৩৪টিতে দাঁড়িয়েছে।
উরুগুয়ে, আর্জেন্টিনা ও পেরু নিয়ে ৬ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত লাতিন আমেরিকা সফর করছেন পোপ লিও।
সূত্র: আল জাজিরা, ভ্যাটিকান
ছবি: ভ্যাটিকান মিডিয়া/এএফপি





