অতীত নাকি বর্তমান;উন্নয়নের ভিড়ে মানুষ কি হারাচ্ছে মানবিকতা?
সময় বদলায়, বদলায় মানুষের জীবনযাত্রা। একসময় যে পথ পাড়ি দিতে দিনের পর দিন লাগত, আজ তা সম্ভব হয় ঘণ্টায়, কখনো মিনিটে। প্রযুক্তি পৃথিবীকে হাতের মুঠোয় এনেছে, চিকিৎসা দীর্ঘ করেছে জীবন, উন্নত যোগাযোগ কমিয়েছে দূরত্ব। কিন্তু প্রশ্ন হলো,জীবন কি শুধু সহজ হয়েছে, নাকি সত্যিই সুন্দর হয়েছে?
অতীতের জীবন ছিল সীমাবদ্ধতায় ভরা। ছিল কাঁচা রাস্তা, হারিকেনের আলো, মাটির চুলা, কুয়োর পানি, ঢেঁকি আর শিল-পাটা। ছিল দারিদ্র্য, চিকিৎসার সংকট ও শিক্ষার সীমাবদ্ধতাও। তবু সেই জীবনে ছিল এক অমূল্য সম্পদ;মানুষে মানুষে সম্পর্ক ও মানবিকতা।
পাড়া-প্রতিবেশীর বিপদে মানুষ ছুটে যেত, অসুস্থতার খবর শুনলে পাশে দাঁড়াত, বিয়ে কিংবা জানাজা ছিল সবার সামাজিক দায়িত্ব। আত্মীয়তা শুধু মোবাইলের কন্টাক্ট লিস্টে সীমাবদ্ধ ছিল না; ছিল হৃদয়ের গভীরে।
অন্যদিকে বর্তমান আমাদের দিয়েছে অভূতপূর্ব সম্ভাবনা। ইন্টারনেট, ডিজিটাল সেবা, আধুনিক চিকিৎসা, দ্রুত যোগাযোগ, উন্নত সড়ক ও প্রযুক্তি মানুষের জীবনকে করেছে গতিশীল। কিন্তু এই গতির সঙ্গে কোথাও কোথাও কমে যাচ্ছে পারস্পরিক সম্পর্ক, ধৈর্য ও সহমর্মিতা।
একই ঘরে বসে পরিবারের সদস্যরা এখন অনেক সময় পরস্পরের সঙ্গে কথা না বলে দূরের মানুষের সঙ্গে ভার্চুয়াল যোগাযোগে ব্যস্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুর সংখ্যা বাড়ছে, অথচ বাস্তব সংকটে পাশে দাঁড়ানোর মানুষ যেন কমছে। একটি ‘লাইক’ অনেক সময় বাস্তব সহানুভূতির বিকল্প হয়ে উঠছে।
সমস্যা প্রযুক্তিতে নয়; সমস্যা আমাদের ব্যবহার ও অগ্রাধিকারে। প্রয়োজনের চেয়ে প্রদর্শন, সম্পর্কের চেয়ে ভার্চুয়াল উপস্থিতি এবং তৃপ্তির চেয়ে ভোগের প্রতিযোগিতা;এসবই আধুনিক জীবনের নতুন সংকট।
তাই উন্নয়নের প্রকৃত মানদণ্ড শুধু কত কিলোমিটার রাস্তা হলো, কতটি সেতু নির্মিত হলো কিংবা কত দ্রুত ইন্টারনেট পাওয়া গেল;তা নয়। দেখতে হবে, মানুষ কতটা নিরাপদ, ন্যায়বিচার কতটা নিশ্চিত, সমাজ কতটা সমতাভিত্তিক এবং মানুষ কতটা মানবিক হয়েছে।
আমাদের অতীতে ফিরে যেতে হবে না; অতীতের ভালোকে ফিরিয়ে আনতে হবে। নিতে হবে সরলতা, সততা, পারস্পরিক সহযোগিতা, পরিবার-প্রতিবেশীর প্রতি দায়িত্ববোধ ও প্রকৃতির প্রতি ভালোবাসা। আর বর্তমান থেকে নিতে হবে বিজ্ঞান, প্রযুক্তি, আধুনিক শিক্ষা ও দক্ষতার শক্তি।
অতীত হোক আমাদের শিকড়, বর্তমান হোক কর্মক্ষেত্র, আর ভবিষ্যৎ হোক আমাদের দায়িত্ব।
উন্নয়ন তখনই সার্থক, যখন মেট্রোরেলের গতি বাড়ার সঙ্গে মানুষের হৃদয়ের দূরত্ব কমে; প্রযুক্তির প্রসারের সঙ্গে মানবিকতারও বিস্তার ঘটে; শিক্ষার হার বাড়ার সঙ্গে নৈতিকতার মানও উন্নত হয়।
কারণ ইতিহাস শুধু আমাদের উন্নত প্রযুক্তির হিসাব রাখবে না;রাখবে আমরা কতটা মানুষ হয়ে উঠতে পেরেছিলাম, সেই হিসাবও।
অতীতের মানবিকতা, বর্তমানের বিজ্ঞান এবং ভবিষ্যতের দায়িত্ববোধ—এই তিনের সমন্বয়েই গড়ে উঠুক সত্যিকারের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ।





