মঠবাড়িয়ায় ইউপি নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ৬
পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাড়ানি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম অভিকে অভ্যর্থনা জানাতে তাঁর সমর্থকেরা মঠবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। পথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসির খানের সমর্থকদের সঙ্গে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষ বাধে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
জাহিদুল ইসলাম অভির অভিযোগ, আগে থেকে ওত পেতে থাকা নাসির খানের লোকজন তাঁর সমর্থকদের ওপর হামলা চালান। অভিযোগ অস্বীকার করে নাসির খান বলেন, অভির সমর্থকেরাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন; এতে তাঁর পক্ষের একজনের অবস্থা গুরুতর।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





