বামনী ডিগ্রি কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
শিক্ষার্থীদের সাফল্য অর্জনে অধ্যবসায় ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বামনী ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রামপুর ইউনিয়নের বামনীতে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনের পথচলায় শুভেচ্ছা জানানো হয় এবং তাদের সাফল্য অর্জনে অধ্যবসায়, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।
কলেজের সভাপতি অ্যাডভোকেট এ টি এম ফিরোজ আলম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ ফখরুল ইসলাম নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং শিক্ষাজীবনে মনোযোগী হয়ে নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক পর্যায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির সহধর্মিণী জ্যোৎস্নারা বেগম ও ছেলে জুবায়ের ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
নবীন শিক্ষার্থীদের বরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানটি শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মিলনমেলায় পরিণত হয়। শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ গঠনে এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।





