বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় ছাত্রদলের সাবেক নেতাকে ‘ছাত্রলীগ নেতা’ দেখানোর অভিযোগ
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় জেলা ছাত্রদলের সাবেক এক নেতা ও তাঁর বাবাকে আসামি করার অভিযোগ উঠেছে। মামলায় তাঁদের রাজনৈতিক পরিচয় ভুলভাবে উল্লেখ করা হয়েছে বলে দাবি করেছেন জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান।
মেহেদীর দাবি, মামলায় তাঁকে ছাত্রলীগ নেতা এবং তাঁর বাবা ব্যবসায়ী আলতাফ হোসেনকে আওয়ামী লীগ নেতা হিসেবে উল্লেখ করে যথাক্রমে ৫ ও ৬ নম্বর আসামি করা হয়েছে। তাঁর অভিযোগ, পারিবারিক ও রাজনৈতিক বিরোধের জেরে ফতুল্লা থানা বিএনপির এক নেতা তাঁদের নাম মামলায় অন্তর্ভুক্ত করিয়েছেন। ওই নেতার বক্তব্য পাওয়া যায়নি।
মামলার বাদী ও কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মাতবর বলেন, ‘এটা সাংগঠনিক ব্যাপার। কোথায় কার নাম দিয়েছে ওটা তো বোঝা যায় না। মিসটেকও হতে পারে দুয়েকটা।’
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, পুলিশ কারও দলীয় পরিচয় দেখে মামলা নেয় না। বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে; তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
গত ১৯ নভেম্বর ফতুল্লার লালখাঁ এলাকায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ২১ নভেম্বর রাতে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬৮ জন নেতাকর্মীসহ অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করা হয়।





