যেকোনো চাবিতেই চালু হয় চট্টগ্রামে চুরি হওয়া সেই পুলিশ ভ্যান
মোটরসাইকেল কিংবা অন্য যেকোনো গাড়ির চাবি দিয়েই চালু করা যায় চট্টগ্রামের হালিশহর থানা পুলিশের চুরি হওয়া টহল ভ্যানটি। গ্রেপ্তার রুবেল মোটরসাইকেলের চাবি ব্যবহার করেই ভ্যানটি নিয়ে যান বলে জানা গেছে। সরেজমিনে পরীক্ষা করেও বিষয়টির সত্যতা পাওয়া গেছে বলে জাগো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।
গত ১৮ নভেম্বর দুপুরে হালিশহরে জেলা পুলিশ লাইনসের পুনাক ক্যানটিনের সামনে থেকে ভ্যানটি চুরি হয়। ভ্যানটি চালু করতে আগে থেকেই অন্য একটি গাড়ির চাবি ব্যবহার করা হতো; চুরির সময় সেই চাবিটিও নিয়ে যাওয়া হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, চুরির আগে মোটরসাইকেলে করে দুজন এসে আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এরপর ভ্যানটি নিয়ে পুলিশের গাড়ির জন্য নির্ধারিত একটি পেট্রলপাম্প থেকে বিনা মূল্যে ২৮ লিটার জ্বালানি নেওয়া হয়। পথে গাড়িতে সমস্যা দেখা দিলে একটি গ্যারেজেও যাওয়া হয়। অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক এসআইসহ চার পুলিশ সদস্যকে এরই মধ্যে সাময়িক বরখাস্ত করেছে সিএমপি।





