কিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা ট্রাম্পের, না খুলেই চিঠি ফেরত দিল উত্তর কোরিয়া: ওয়াল স্ট্রিট জার্নাল
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু পিয়ংইয়ং তাতে সাড়া দেয়নি বলে জানিয়েছে মার্কিন দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদন অনুযায়ী, গত বছর ট্রাম্প আনুষ্ঠানিক ফোন লাইনসহ বিভিন্ন মাধ্যমে কিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। সাড়া না পেয়ে তিনি কিমকে একটি চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেন।
বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে বলা হয়েছে, নিউইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘে উত্তর কোরিয়ার মিশনের বাইরে অপেক্ষারত মার্কিন কর্মকর্তারা এক উত্তর কোরীয় কূটনীতিকের হাতে চিঠিটি তুলে দেন। পরে জাতিসংঘের এক বৈঠকে ওই কূটনীতিক চিঠিটি না খুলেই এক মার্কিন প্রতিনিধির সামনে রেখে দেন।
ট্রাম্পের প্রথম মেয়াদে দুই নেতা তিনবার সাক্ষাৎ করেছিলেন। এ বিষয়ে হোয়াইট হাউস বা পিয়ংইয়ংয়ের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, জাগো নিউজ





