গঙ্গা চুক্তিতে পানির ন্যায্য হিস্যায় আপস নয়, শেখ হাসিনাকে ফিরিয়ে রায় কার্যকরের দাবি এনসিপির
আগামী ১২ ডিসেম্বর গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন চুক্তিতে বাংলাদেশের অবস্থান কঠোরভাবে তুলে ধরার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এ দাবি জানানো হয় বলে জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ বলেন, ‘আমাদের পানির ন্যায্য হিস্যা আদায়ে আলোচনায় সরকার যাতে কোনো কম্প্রোমাইজ (আপস) না করে, সেটি আমরা বলেছি।’
বৈঠকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ঘোষিত রায় কার্যকরের উদ্যোগ নিতেও সরকারের প্রতি আহ্বান জানায় এনসিপি। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনার দাবিও তোলেন নাহিদ। ভারত ‘একজন খুনিকে আশ্রয় দিচ্ছে’ বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে ভারত সরকারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের বিজেপি ও কিছু হিন্দুত্ববাদী সংগঠন অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ। এর জবাবে সরকারকে শক্ত অবস্থান নেওয়ার পাশাপাশি সংখ্যালঘু, আলেম-ওলামা, মাজার-দরগাহর অনুসারী ও সংস্কৃতিকর্মীদের সঙ্গে আলোচনার আহ্বান জানান তিনি।





