Columbus, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শ্রীমঙ্গল গড়তে পৌর এলাকায় মোবাইল কোর্ট অভিযান নোয়াখালী'র সেনবাগ সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ নওগাঁয় বিএনপির বিক্ষোভ! জামায়াত-আওয়ামীপন্থী পুলিশ-প্রশাসনকে বরদাস্ত নয় ভারতের চেয়েও বেশি ফেসবুক ব্যবহারকারী বাংলাদেশে, ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক, হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচল নিয়ে আলোচনা কার্পাসডাঙ্গায় অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা: হরমুজ প্রণালি খুলতে শর্ত, কূটনৈতিক তৎপরতা জোরদার ট্রাম্প-শি বৈঠক: বাণিজ্য যুদ্ধবিরতি আরও দুই মাস বাড়ল যুক্তরাষ্ট্র-চীনের ঢাকায় বোমা বিস্ফোরণ: বিস্ফোরণ ঘটালে ৫–১০ হাজার টাকা দেওয়ার অভিযোগ বাংলাদেশ ১১টি নতুন বোয়িং উড়োজাহাজ কিনছে জাতিসংঘে রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাসের ভাড়া বৃদ্ধিতে মানা হচ্ছে না সরকারি নির্ধারিত হার মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ভাতার অর্থ আত্মসাতের অভিযোগ
হোম › ক্যারিয়ার › জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৪৫ পিএম, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ 18
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান

নিউইয়র্ক প্রতিনিধি॥


জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে।


জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে জাইমা রহমানকে ‘Legal Officer — Bangladesh’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তাঁর প্রধান দায়িত্ব হবে সভাপতির কার্যালয়ের বিভিন্ন আইনসংক্রান্ত বিষয় দেখভাল করা।


জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে মোট ৪০ জন কর্মকর্তা বিভিন্ন দায়িত্বে কাজ করছেন। তাঁদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ছয়জন। বিভিন্ন দেশের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই কার্যালয়ে আইন, কূটনীতি, প্রশাসন, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য, কৌশলগত পূর্বাভাস, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে কাজ করা হচ্ছে।


বাংলাদেশি কর্মকর্তাদের মধ্যে কূটনীতিক আবদুল আলিম দায়িত্ব পালন করছেন ডেপুটি চিফ অব ক্যাবিনেট হিসেবে। মোয়াজ্জেম হোসেন রয়েছেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী পদে। মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।


এ ছাড়া জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলোর বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।


আইন বিষয়ে জাইমা রহমানের একাডেমিক ও পেশাগত প্রস্তুতিও রয়েছে। তিনি যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন ও রাজনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ইংল্যান্ড ও ওয়েলসে ব্যারিস্টার হিসেবে যোগ্যতা অর্জন করেন।


জাতিসংঘের অফিসিয়াল জীবনীতে বলা হয়েছে, যুক্তরাজ্য ও বাংলাদেশে আইন ও নীতিনির্ধারণসংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে জাইমা রহমানের পেশাগত অভিজ্ঞতা রয়েছে। যুক্তরাজ্যে তিনি আবাসন, কল্যাণ ও কর্মসংস্থান আইন নিয়ে কাজ করেছেন। বাংলাদেশে সাংবিধানিক, করপোরেট ও বাণিজ্যিক আইন, সরকারি-বেসরকারি অংশীদারত্ব এবং করসংক্রান্ত বিষয়ে আইনি কাজের অভিজ্ঞতাও রয়েছে তাঁর।


এ ছাড়া সামাজিক উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রেও জাইমা রহমান যুক্ত রয়েছেন। বাংলাদেশের সুবিধাবঞ্চিত ও স্কুলের বাইরে থাকা শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করা সামাজিক উন্নয়ন সংস্থা সুরভির বোর্ডেও তিনি দায়িত্ব পালন করছেন।


জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান গত ৮ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন। তাঁর সভাপতিত্বে এবারের অধিবেশনে বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ কয়েকটি কূটনৈতিক ও আন্তর্জাতিক ইস্যু সামনে এসেছে।


একই কার্যালয়ে ছয় বাংলাদেশির দায়িত্ব পালনকে জাতিসংঘের এই অধিবেশনে বাংলাদেশের উপস্থিতির একটি উল্লেখযোগ্য দিক হিসেবে দেখা হচ্ছে। এর মধ্যে জাইমা রহমানের আইনসংক্রান্ত দায়িত্ব বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের কার্যক্রমে বিভিন্ন প্রস্তাব, সিদ্ধান্ত, প্রক্রিয়া ও আন্তর্জাতিক আইনসংক্রান্ত বিষয় নিয়ে কাজ করতে হয়।


এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে সাধারণ বিতর্কে ভাষণ দেওয়ার কথা রয়েছে।