ঢাবিতে ফের ককটেল বিস্ফোরণে আহত ১, নিরাপত্তার দাবিতে রাজপথে ছাত্রদল, শিবির ও বামজোট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ (এফবিএস) প্রাঙ্গণে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার পর অনুষদের সামনে পার্ক করা এক শিক্ষকের ব্যক্তিগত গাড়ির ওপর ককটেলটি বিস্ফোরিত হয়। এতে গাড়িচালক সোহেল (৩৬) গুরুতর আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে ঘটনাটি নিশ্চিত করে জানান, সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে এবং পুলিশ ও প্রশাসনকে জানানো হয়েছে।
এর আগে রোববার সন্ধ্যায় ক্যাম্পাসের ছয়টি স্থানে অন্তত আটটি এবং সোমবার টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। টানা তিন দিনের এসব ঘটনার পর ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মঙ্গলবার বিকেলে রাজপথে নামেন বিএনপি-সমর্থিত ছাত্রদল, জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ছাত্রশিবির, বামপন্থী ছাত্রসংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। টিএসসি, উপাচার্য চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল হয়।
দ্য ডেইলি স্টারের খবরে বলা হয়, ককটেল বিস্ফোরণের পেছনে নিষিদ্ধ ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ তুলে স্লোগান দেন ছাত্রদলের নেতা-কর্মীরা। ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘আমরা ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি।
বিক্ষোভ মিছিল শেষে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। ঢাবি শিবিরের সভাপতি মহিউদ্দিন খান অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল বডি নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ‘ককটেল বিস্ফোরণের পর একের পর এক তদন্ত কমিটি গঠন করা হলেও এগুলোর কোনোটিরই দৃশ্যমান ফল আমরা এখনো দেখতে পাইনি।’
ছবি: ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে ককটেলের আঘাতে ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি: টিবিএস





