এফবিআইয়ের জাতীয় অপরাধ তথ্যভান্ডারে হ্যাকিং, তদন্ত শুরু; ট্রাম্প বললেন ‘ভালো খবর নয়’
যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত সংস্থা এফবিআই পরিচালিত জাতীয় অপরাধ তথ্যভান্ডারে (ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টার বা এনসিআইসি) সম্ভাব্য হ্যাকিংয়ের ঘটনা তদন্ত করছে সংস্থাটি। বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি শনিবার (২১ নভেম্বর) বার্তা সংস্থা এপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনাটি প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি এপিকে বিষয়টি নিশ্চিত করেন, কারণ প্রকাশ্যে কথা বলার অনুমতি তাঁর নেই। এফবিআই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। হ্যাকিংয়ের পরিধি কতটা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এনসিআইসি একটি কম্পিউটারাইজড তথ্যভান্ডার, যা স্থানীয়, অঙ্গরাজ্য ও ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে। এতে পলাতক আসামি, নিখোঁজ ব্যক্তি, অপরাধের ইতিহাস ও চুরি যাওয়া সম্পদসহ বিভিন্ন বিষয়ের তথ্য থাকে।
শনিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে জানতে চাইলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা মাত্রই এ বিষয়ে শুনেছি। আমি বলব, এটা ভালো খবর নয়।’
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সরকারি ও বেসরকারি খাতে একের পর এক ডিজিটাল বিভ্রাট দেখা দিয়েছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, এসব বিভ্রাট সাইবার হামলা নয়, বরং কম্পিউটার ব্যবস্থা হালনাগাদ ও দুর্বলতা সারানোর নিয়মিত কাজের কারণে হয়েছে। এফবিআইয়ের এই ঘটনার সঙ্গে ওই বিভ্রাটের কোনো সম্পর্ক আছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এফবিআই এর আগেও বহুবার হ্যাকারদের লক্ষ্যবস্তু হয়েছে। গত সেপ্টেম্বরে সংস্থাটির চাকরির পোর্টালে হ্যাকিংয়ের তদন্ত শুরু হয়। ‘শাইনিহান্টার্স’ নামের একটি হ্যাকার দল তখন দাবি করেছিল, তারা এফবিআইয়ের কর্মী ও চাকরিপ্রার্থীদের বিপুল তথ্য হাতিয়ে নিয়েছে। গত মার্চে নজরদারি ও তদন্তসংক্রান্ত সংবেদনশীল তথ্য থাকা একটি অভ্যন্তরীণ ব্যবস্থায় ‘সন্দেহজনক কার্যক্রম’ নিয়েও তদন্তের কথা জানিয়েছিল এফবিআই।
সূত্র: এপি, সিএনএন





