গাজীপুরে উড়ালসড়কে গাড়িচাপায় মোটরসাইকেলে থাকা বাবা-মা ও শিশুসন্তান নিহত
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আট বছর বয়সী এক শিশু রয়েছে। বুধবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন গাজীপুর মহানগরীর দেওয়ালিয়াবাড়ি এলাকার মামুন হোসেন আশরাফুল (৩০), তাঁর স্ত্রী এবং তাঁদের আট বছর বয়সী ছেলে।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর মোরশেদ জানান, শিশুসন্তানকে নিয়ে ওই দম্পতি মোটরসাইকেলে টাঙ্গাইলের মির্জাপুরে বেড়াতে যাচ্ছিলেন। কোনাবাড়ী থেকে চন্দ্রার দিকে যাওয়ার পথে সফিপুর উড়ালসড়কে পেছন থেকে আসা একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
পুলিশ জানায়, উড়ালসড়কে কোনো সিসি ক্যামেরা না থাকায় কোন গাড়ি ধাক্কা দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। প্রাথমিক তদন্তে কোনো প্রত্যক্ষদর্শীও পাওয়া যায়নি। ঘাতক গাড়িটি শনাক্তে কাজ চলছে।
ছবি: দুর্ঘটনাস্থলে পড়ে থাকা মোটরসাইকেল (সংগৃহীত)





