অজিত দোভাল ও ‘র’-এর সাবেক প্রধানকে মার্কিন আদালতের সমন, ‘বিদ্বেষপূর্ণ’ বলল ভারত
যুক্তরাষ্ট্রের একটি আদালত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং ভারতের গোয়েন্দা সংস্থা র-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলের বিরুদ্ধে দেওয়ানি সমন জারি করেছেন। খালিস্তানপন্থী নেতা গুরপতবন্ত সিং পান্নুনের দায়ের করা মামলায় এই সমন জারি হয়। মামলায় পান্নুনকে হত্যাচেষ্টার অভিযোগে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
সমনটি গত ৯ অক্টোবর ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে পাঠানো হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর কূটনৈতিক বার্তায় জানিয়েছে, আদালতের নির্দেশ মেনেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে; এতে মামলা সম্পর্কে মার্কিন সরকারের নিজস্ব কোনো অবস্থান প্রকাশ পায় না।
ভারত সরকার এই সমনকে ‘বানোয়াট ও বিদ্বেষপূর্ণ’ এবং মামলাটিকে ‘তুচ্ছ’ বলে আখ্যা দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতে আইনি নথি পাঠানোর অনুরোধ কেবল আইন ও বিচার মন্ত্রণালয়ের মাধ্যমেই পাঠানো যায়।
ভারত সরকারের দাবি, ২০১৩ সালে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং ২০০২ সালে চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনও এ ধরনের সমন পেয়েছিলেন, তবে দুটি মামলাই শেষ পর্যন্ত খারিজ হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতীয় নাগরিক নিখিল গুপ্তের সাজা ঘোষণার আগে এই সমনের নির্দেশ এল।
ছবি: অজিত দোভাল (ফাইল ছবি, সংগৃহীত)





