নাশকতায় আইনশৃঙ্খলা বাহিনীর ‘নিষ্ক্রিয়তা ও পরোক্ষ সহযোগিতা’র অভিযোগ জামায়াত সেক্রেটারি জেনারেল পরওয়ারের
দেশজুড়ে নাশকতার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার ‘বিস্ময়কর নিষ্ক্রিয়তা ও এক ধরনের পরোক্ষ সহযোগিতা’ রয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
বিবৃতিতে পরওয়ার বলেন, গত কয়েক দিনে দেশের অন্তত ৫০টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং গণপরিবহন ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজধানীর মহাখালী, খিলগাঁও, পল্লবী, ফার্মগেট ও আদালত প্রাঙ্গণ, পদ্মা সেতুর জাজিরা টোলপ্লাজা, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এবং ফরিদপুরে বাসে আগুনে চালক কালাচান শেখের (৩৪) মৃত্যুর ঘটনা তিনি উল্লেখ করেন।
তিনি অভিযোগ করেন, জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান ও রাষ্ট্রকাঠামো সংস্কারে সরকারের ব্যর্থতার সুযোগ নিয়ে ‘ফ্যাসিস্টরা’ সহিংসতা চালাচ্ছে। এর দায় বিএনপি সরকারকেও নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান ও রাষ্ট্রকাঠামো সংস্কার, নাশকতায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা কঠোরভাবে দমনের দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে জামায়াত নতুন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন পরওয়ার।
এদিকে মঙ্গলবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ বলা যৌক্তিক নয়।
ছবি: মিয়া গোলাম পরওয়ার (ফাইল ছবি, সংগৃহীত)





