মজুরি বাড়ানোর দাবিতে আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাভার-গাজীপুরে ৩১ কারখানা বন্ধ
মজুরি বাড়ানোর দাবিতে ঢাকার সাভারের আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করলে এ সংঘর্ষ বাধে।
পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত দুই শ্রমিক আহত হন, তাঁদের একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, অবরোধকারীদের বুঝিয়ে সরাতে ব্যর্থ হয়ে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। রাবার বুলেট ব্যবহার করা হয়নি বলে দাবি করেন তিনি।
অস্থিরতার কারণে আশুলিয়ায় প্রায় ২০টি এবং গাজীপুর সদর ও ভোগড়া এলাকায় ১১টি কারখানা ছুটি ঘোষণা করা হয়। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেছেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক আছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন বলেন, মালিকপক্ষ দ্রুত মজুরি বোর্ডে প্রস্তাব দিলে শ্রমিকদের মধ্যে সংশয় দূর হবে।
ছবি: সংগৃহীত





