পাঁচ বছরে ইলিশের উৎপাদন কমেছে ২৬ শতাংশ, সংসদে জানালেন মৎস্যমন্ত্রী
গত পাঁচ বছরে দেশে ইলিশের উৎপাদন প্রায় ২৬ শতাংশ কমেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাজমুন নাহারের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে দেশে ইলিশ উৎপাদন হয়েছিল ৫ লাখ ৬৬ হাজার ৫৯৩ টন। ২০২২-২৩ অর্থবছরে তা কিছুটা বেড়ে ৫ লাখ ৭১ হাজার ৩৪২ টন হলেও এরপর টানা তিন বছর কমেছে—২০২৩-২৪ অর্থবছরে ৫ লাখ ২৯ হাজার ৪৮৭ টন, ২০২৪-২৫ অর্থবছরে ৫ লাখ ২ হাজার ৪৪৪ টন এবং ২০২৫-২৬ অর্থবছরে (সরকারি প্রাক্কলন) ৪ লাখ ১৯ হাজার ৫০০ টন। ২০২১-২২ অর্থবছরের তুলনায় উৎপাদন কমেছে ১ লাখ ৪৭ হাজার ৯৩ টন, অর্থাৎ ২৫ দশমিক ৯৬ শতাংশ।
দেশের মোট মাছ উৎপাদনের প্রায় ১০ শতাংশই আসে ইলিশ থেকে, যা একক প্রজাতি হিসেবে সর্বোচ্চ।
মন্ত্রী জানান, ইলিশ সম্পদ রক্ষায় মেঘনার উজান ও ভাটি, পদ্মা, কালাবদর, আন্ধারমানিক ও তেঁতুলিয়াসহ উপকূলীয় নদীতে ছয়টি অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে, যেখানে নির্দিষ্ট সময়ে মাছ ধরা নিষিদ্ধ থাকে। মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার সময় ৬ লাখ ২০ হাজার জেলে পরিবারকে ২৫ কেজি করে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। জাটকা আহরণ নিষেধাজ্ঞাকালে ৩ লাখ ৬৭ হাজার পরিবারকে চার মাস ধরে মাসে ৪০ কেজি করে চাল দেওয়া হয়েছে। এ ছাড়া সমুদ্রে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞায় ১৪ জেলার ৬৯ উপজেলার ৩ লাখ ১১ হাজার ৫০০ পরিবার সহায়তা পেয়েছে।
বাজারে ইলিশের দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরবরাহের ওপর দাম নির্ভর করে এবং আড়তে নিলামের মাধ্যমে তা নির্ধারিত হয়; মুক্তবাজার অর্থনীতিতে মৎস্য অধিদপ্তর সরাসরি খুচরা দাম নির্ধারণ করতে পারে না। তবে নিয়মিত বাজার তদারকি চলছে এবং বিদেশে ইলিশ পাচার ঠেকাতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে যৌথ অভিযান চালানো হবে বলে জানান তিনি।
অবৈধ জালের কারণে উপকূলীয় এলাকায় মাছের উৎপাদন ৩০ থেকে ৪০ শতাংশ কমে যাচ্ছে বলেও সংসদে উল্লেখ করেন মন্ত্রী। চিফ হুইপ নুরুল ইসলাম মনি কক্সবাজার থেকে সাতক্ষীরা উপকূলে ট্রলিংয়ে মাছের পোনা ও ডিম ধ্বংসের বিষয়ে উদ্বেগ জানালে মন্ত্রী বলেন, অভিযানে অবৈধ জাল ধ্বংস করা হচ্ছে এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ছবি: সংসদে বক্তব্য রাখছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী। ছবি: সংগৃহীত





