আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক: প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে জোর
তুরস্কের আন্তালিয়ায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছানোর কয়েক ঘণ্টা পর মঙ্গলবার সন্ধ্যায় শহরের ম্যাক্স রয়্যাল হোটেলে এ বৈঠক হয়।
বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা ও বিনিয়োগ বাড়ানো, বাণিজ্য, রোহিঙ্গা প্রত্যাবাসন, জ্বালানি ও খনিজ সম্পদ, জলবায়ু পরিবর্তন এবং নবায়নযোগ্য জ্বালানিতে অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে উপ-প্রেস সচিব হাসান শিপলু সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে দুই নেতার বৈঠকের কথা স্মরণ করেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতার অগ্রগতির প্রশংসা করেন। কপ-৩১ আয়োজনের জন্য তিনি তুরস্ককে অভিনন্দন জানান।
তারেক রহমান প্রতিরক্ষা খাতে বহুমুখী সহযোগিতা ও যৌথ বিনিয়োগ আরও গভীর করার ওপর জোর দেন এবং বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন।
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে প্রধানমন্ত্রী জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন চান। আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবস্থান এবং মাঠপর্যায়ে মানবিক সহায়তার জন্য তিনি দেশটিকে ধন্যবাদ জানান।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
ছবি: সংগৃহীত





