জামিন পেলেও আমিরাত ছাড়তে পারবেন না বেনজীর, ভ্রমণ নিষেধাজ্ঞা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। প্রত্যর্পণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি দেশটি ছাড়তে পারবেন না। মঙ্গলবার জাতীয় সংসদে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আমিরাতের পাবলিক প্রসিকিউটরের আদেশে গত ৩০ জুলাই বেনজীর জামিন পান। আবুধাবির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) ৯ সেপ্টেম্বরের এক চিঠিতে জানানো হয়েছে, জামিনের শর্ত অনুযায়ী প্রত্যর্পণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি আমিরাত ছাড়তে পারবেন না।
মন্ত্রী বলেন, জামিন পাওয়ার অর্থ এই নয় যে বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ প্রত্যাহার বা নাকচ হয়েছে। সরকার সেখানে একজন স্থানীয় আইনজীবী নিয়োগ দিয়েছে এবং বেনজীরের অবস্থান নিয়মিত পর্যবেক্ষণ করছে।
বিবৃতিতে বলা হয়, গত ১২ জুন আমিরাত ই-মেইলে বেনজীরকে গ্রেপ্তারের বিষয়টি জানায়। চার দিন পর ১৬ জুন বাংলাদেশ আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠায়। পরে আমিরাত দুই দফায় অতিরিক্ত তথ্য ও আইনি ব্যাখ্যা চাইলে ৮ সেপ্টেম্বর প্রয়োজনীয় নথি পাঠানো হয়। এর আগে ২০২৫ সালের এপ্রিলে তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়।
বেনজীর ও তাঁর পরিবারের বিদেশে থাকা সম্পদের বিষয়ে কয়েকটি দেশে পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ (এমএলএআর) পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাসপোর্ট জালিয়াতির একটি মামলাও তদন্ত করছে দুদক।
গত ৮ সেপ্টেম্বর সংসদে সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেমের উত্থাপিত একটি প্রস্তাব কণ্ঠভোটে গৃহীত হয়েছিল, যেখানে বেনজীর কীভাবে দুবাইয়ে জামিন পেলেন এবং তাঁকে ফেরাতে সরকার কী পদক্ষেপ নিচ্ছে, তা জানতে চাওয়া হয়। তারই জবাবে মন্ত্রী এ বিবৃতি দেন।
আওয়ামী লীগ সরকারের আমলে ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন বেনজীর আহমেদ। এর আগে তিনি র্যাবের মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের মার্চে তাঁর পরিবারের বিপুল সম্পদের খবর প্রকাশের পর দুদক অনুসন্ধান শুরু করে। ওই বছরের ৪ মে তিনি স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে দেশ ছাড়েন।
ছবি: সংসদে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংগৃহীত





