কুষ্টিয়ার চরাঞ্চলে এসআরবি-১২-এর অভিযান, রিভলবার ও গুলিসহ শিহাব আটক
তানভীর আজাদ, কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে একটি রিভলবার, তিন রাউন্ড গুলি ও একটি বাটন মোবাইল ফোনসহ শিহাব (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চর সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শিহাব ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকার তৈয়ব উদ্দিনের ছেলে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তিনি চরাঞ্চলের আলোচিত ‘চল্লিশ বাহিনীর’ একজন সদস্য।
এসআরবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া এসআরবি-১২-এর একটি দল চর সাদিপুর এলাকায় অভিযান চালিয়ে শিহাবকে আটক করে। পরে তাঁর কাছ থেকে একটি রিভলবার, তিন রাউন্ড গুলি ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, শিহাবের বিরুদ্ধে দৌলতপুর ও ঈশ্বরদী থানায় হত্যা ও ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি চরাঞ্চলের ‘চল্লিশ বাহিনীর’ প্রধান রাখি বাহিনীর সদস্য হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
কুষ্টিয়া এসআরবি-১২-এর এফএস শরিফুল ইসলাম জানান, এসআরবি-১২-এর লেফটেন্যান্ট কর্নেল ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে শিহাবকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান শেষে গ্রেপ্তার শিহাবকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।
ছবি: দৌলতপুর থানা





