গুম-খুনের মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক চলছে
শতাধিক মানুষকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করছে রাষ্ট্রপক্ষ।
বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করছেন। নিরাপত্তাজনিত কারণে জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে যুক্ত হচ্ছেন। পুরো শুনানি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
মঙ্গলবার যুক্তিতর্কের প্রথম দিনে প্রসিকিউশন অভিযোগ করে, ‘গলফ’ নামের এক অভিযানে ১৫০ থেকে ২০০ জনকে হত্যার পর মরদেহ সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলা হয়। এর মধ্যে ১১৫ জনকে শনাক্ত করা গেছে বলে প্রসিকিউশনের দাবি। বিএনপি নেতা ইলিয়াস আলীকে অপহরণ ও হত্যা, বিডিআর সদস্যদের হত্যা এবং সাজানো ক্রসফায়ারের অভিযোগও উঠে আসে।
গত ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষী তদন্ত কর্মকর্তাকে জেরার মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ২২ নভেম্বর আসামিপক্ষে একজন সাফাই সাক্ষী সাক্ষ্য দেন।
আগামী ২৬ নভেম্বর অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপক্ষের শেষ যুক্তি উপস্থাপন করবেন বলে জানা গেছে। এরপর আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবে। জিয়াউল আহসান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।
ছবি: সংগৃহীত





